মাঠে স্টিভ স্মিথের খুঁতখুঁতে স্বভাব নতুন কিছু নয়। ব্যাটিংয়ের সময় থাই প্যাড ঠিক করা, গ্লাভস খোলা-পরা কিংবা সাইট স্ক্রিনের সামনে সামান্য নড়াচড়াতেও তার মনোযোগ ব্যাহত হওয়া ক্রিকেট বিশ্বের এক অতিপরিচিত দৃশ্য। তবে এবার এই অতি-সংবেদনশীলতার কারণে প্রতিপক্ষ বোলার নয়, বরং গ্যালারির এক দর্শকের ধৈর্যের বাঁধ ভেঙেছে!
ক্রিজে আসা স্মিথ তখনো থিতু হননি। এমন পরিস্থিতিতে দেখা যায়, সাইট স্ক্রিনের পাশে ক্যামেরাম্যানের নড়াচড়ায় খেলা থামান এই অজি তারকা ব্যাটার। স্মিথের এমন আপত্তি জানানোয় চরম বিরক্ত হন গ্যালারিতে থাকা এক ক্রিকেটপ্রেমী। আর চেপে না রেখে স্মিথকে উদ্দেশ্য করে চিৎকার করে বলে ওঠেন, ‘ন্যাকামো বন্ধ করেন তো!’ খেলাটার চেয়ে আপনি বড় নন, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেন।’
সমর্থকের সেই স্রেফ খাঁটি মাঠের মেজাজে দেওয়া খোঁচা মুহূর্তেই হাসির খোরাক যোগায় চারপাশে থাকা অন্যান্য দর্শকদের। স্মিথের এই চিরচেনা মনসংযোগ রক্ষার লড়াই এবং তার জবাবে দর্শকের এই অপ্রত্যাশিত ‘টিপ্পনী’ সামাজিক যোগাযোগমাধ্যমেও এখন দারুণ ভাইরাল।
এই দৃশ্য ছাড়াও এদিন স্মিথ ছিলেন আলোচিত চরিত্র। ৫২ রানে ২ উইকেট পড়ার পর ক্রিজে আসেন তিনি। ২ রান করতেই ইবাদত হোসেনের বলে স্লিপে দিয়েছিলেন ক্যাচ। তৃতীয় স্লিপে তার ক্যাচ ফেলে দেন তানজিদ হাসান তামিম।
জীবন পাওয়া স্মিথ পরে পেরিয়ে যান ফিফটি। পরে একবার তাকে ফেরাতে রিভিউ নিয়েও ব্যর্থ হয় বাংলাদেশ। দলের বাকি ব্যাটারদের ব্যর্থতার দিনে তিনিই একমাত্র টানছেন অস্ট্রেলিয়াকে। প্রথম দিনের চা-বিরতির পর্যন্ত অজিদের ৮ উইকেটে ১৮৩ রানের মধ্যে স্মিথ একাই করেন অপরাজিত ৬৭ রান।

