নেত্রকোণায় ৬৬৭ বস্তা সরকারি চালসহ ট্রাক জব্দ, চালক-সহকারী আটক

নেত্রকোণার মদন উপজেলায়  ৬৬৭ বস্তা সরকারি চালসহ একটি ট্রাক জব্দ করেছে স্থানীয় প্রশাসন।

এ ঘটনায় ট্রাকচালক শামীম মিয়া (২৮) ও তার সহকারী শাহিন মিয়াকে (২৫) আটক করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে নেত্রকোণা-মদন সড়কের সাম্য ফিলিং স্টেশনের সামনে এ অভিযান চালানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মদন উপজেলা সরকারি খাদ্যগুদাম থেকে প্রায় ২০ টন সরকারি চাল নিয়ে ট্রাকটি বের হয়। সরকারি সিলমোহরযুক্ত বস্তার চাল নেত্রকোণার বারহাট্টা উপজেলার বাউসী এলাকার একটি রাইস মিলে নিয়ে যাওয়া হচ্ছিল।

স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে তারা তাৎক্ষণিকভাবে প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে মদন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার পুলিশসহ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি গতিরোধ করেন।

চালক সরকারি চাল পরিবহনের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ট্রাকটি জব্দ করে পুলিশের হেফাজতে নেওয়া হয়।

এ বিষয়ে মদন সরকারি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল আলম জানান, জনৈক আনোয়ার হোসেন মাস্টার টিআর-কাবিখার ডিও কিনে চালগুলো সংগ্রহ করেছিলেন। গত কয়েকদিন ধরে গুদামে জমা রেখে বৃহস্পতিবার ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল। এর বাইরে তিনি আর কিছু জানেন না বলে দাবি করেন।

এ বিষয়ে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়েছে। ৬৬৭ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে নির্দেশ দিয়েছেন।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, চালসহ জব্দ ট্রাক থানার হেফাজতে আছে। আটক দুইজনও থানা হেফাজতে। কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপ অনুসারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Latest Posts