মাত্র আড়াই কোটি রুপি বাজেটে নির্মিত কন্নড় সিনেমা প্রেমাদা ওরালি মুক্তির ১৮ দিনের মধ্যে আয় করেছে ৫৯ রুপি। সিনেমাটির এই সাফল্য এখন আলোচনায়।
ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মনোজ কুমারের পরিচালনায় সিনেমাটি শুরুতে দর্শক টানতে না পারলেও পরে মুখে মুখে প্রচারের মাধ্যমে জনপ্রিয়তা পায়।

স্যাকনিল্কের হিসাব অনুযায়ী, মুক্তির প্রথম দিনে সিনেমাটি ৬০টি প্রদর্শনী থেকে আয় করেছিল প্রায় ৯ লাখ রুপি। তবে ধীরে ধীরে বাড়তে থাকে দর্শক ও প্রদর্শনীর সংখ্যা। মুক্তির ১৮তম দিনে সিনেমাটির আয় হয় প্রায় ৫ কোটি রুপি। এই দিন পর্যন্ত ভারতে এর মোট নেট আয় দাঁড়িয়েছে ৫৯ কোটি রুপি।
সিনেমাটি মুক্তির আগের দিনও পরিচালক মনোজ কুমার আশঙ্কা করছিলেন, সিনেমাটি হয়তো দর্শক পাবে না। প্রচারের জন্য অর্থও ছিল সীমিত। তাই দর্শককে হলে টানতে অভিনব এক উদ্যোগ নেয় সিনেমাটির দল। বিয়ের দাওয়াতের মতো দেখতে কার্ড ছাপিয়ে বাসে বাসে ঘুরে অপরিচিত মানুষের হাতে সেগুলো তুলে দেন তারা।

অনুরোধ করেন, একবার যেন হলে গিয়ে সিনেমাটি দেখে।
তাদের এই প্রচেষ্টার সঙ্গে দর্শকের ইতিবাচক আলোচনা যোগ হওয়ায় ধীরে ধীরে সিনেমাটির প্রতি আগ্রহ বাড়ে।
ইন্ডিয়ার এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, এটি নির্মাণের সময়ও অর্থসংকটে পড়েছিলেন নির্মাতারা। প্রকল্প শেষ করার অর্থ যোগাড় করতে না পেরে মনোজ কুমার একসময় মায়ের মঙ্গলসূত্র বন্ধক দেওয়ার কথাও ভেবেছিলেন।

কম বাজেটে তৈরি প্রেমাদা ওরালির আয় এখন নির্মাণব্যয়ের চেয়ে বেশ বেশি। এ কারণে কন্নড় সিনেমার অন্যতম লাভজনক সিনেমা হিসেবে আলোচনায় এসেছে এটি।
কম বাজেটে নির্মিত হয়েও বক্স অফিসে বড় আয় করা হনুমান অংশ ও লালোর মতো সিনেমার সাফল্যের ধারাতেই জায়গা করে নিচ্ছে প্রেমাদা ওরালি।

