নায়ক ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজবের প্রতিবাদ, যা জানা গেল

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ও সমাজকর্মী ইলিয়াস কাঞ্চনের মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা)।

সারা দেশে সংগঠনটির প্রায় ১২০টি শাখা এই প্রতিবাদ জানায়।

লন্ডনে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চন সুস্থ ও ভালো আছেন। অথচ, তাকে নিয়ে মৃত্যুর মতো একটি স্পর্শকাতর বিষয়ে কোনো ধরনের যথাযথ যাচাই-বাছাই ছাড়াই সংবাদ ছড়িয়ে পড়ায় নিসচার সদস্যদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।

নিসচার পক্ষ থেকে মহাসচিব লিটন এরশাদ দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, ‘সবার আগে সংবাদ’ দেওয়ার প্রতিযোগিতা কখনোই সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প হতে পারে না। একটি সংবাদ দ্রুত প্রকাশ করার চেয়ে সংবাদটি সত্য কি না, সেটি নিশ্চিত করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে মৃত্যু, দুর্ঘটনা কিংবা অসুস্থতার মতো স্পর্শকাতর বিষয়ে কোনো ধরনের অনুমাননির্ভর বা যাচাইহীন তথ্য প্রকাশ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, ‘ইলিয়াস কাঞ্চন শুধু একজন জনপ্রিয় অভিনেতা নন, তিনি দীর্ঘদিন ধরে দেশের সড়ক নিরাপত্তা আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছেন। তার সঙ্গে দেশের অসংখ্য মানুষের আবেগ ও ভালোবাসা জড়িয়ে রয়েছে। ফলে তাকে নিয়ে মিথ্যা মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লে তা মুহূর্তের মধ্যে মানুষের মধ্যে আতঙ্ক ও শোকের পরিবেশ তৈরি করতে পারে।’

‘সামাজিক যোগাযোগমাধ্যমে একটা মিথ্যা তথ্য ছড়িয়ে পড়তে কয়েক মিনিট সময় লাগে, কিন্তু সেটি যে কত মানুষের মনে আঘাত করতে পারে, তার দায় কে নেবে? কোনো ব্যক্তির মৃত্যু নিয়ে মিথ্যা সংবাদ প্রচার করে পরে সেটি ভুল ছিল বলে জানিয়ে দিলেই সৃষ্ট মানসিক কষ্ট বা আতঙ্কের ক্ষত পূরণ হয় না,’ বলেন নিশচা মহাসচিব।

Related Articles

Latest Posts