২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট খেলতে নামছে বাংলাদেশ দল। তবে দুই ম্যাচের এই সিরিজটি দেখাবে না দেশের কোনো টেলিভিশন চ্যানেল।
সাধারণত টি স্পোর্টস বা নাগরিক টিভি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ম্যাচগুলো দেখিয়ে থাকে। তবে জানা গেছে, দেশের কোনো টেলিভিশন চ্যানেল আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটি সরাসরি সম্প্রচার করবে না। তবে বাংলাদেশ থেকে একেবারেই খেলা দেখা যাবে না এমন নয়। সম্প্রচার স্বত্ব পেয়েছে ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ট্যাপম্যাড।
টেলিভিশনে সম্প্রচার না হওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক শীর্ষ কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বুধবার বলেন, ‘হ্যাঁ, এই মুহূর্তে পরিস্থিতি এমনই মনে হচ্ছে। তবে আমাদের কাছে কিছু অনলাইন প্ল্যাটফর্মের তালিকা রয়েছে, যেখানে ম্যাচগুলো সরাসরি দেখানো হবে।’
‘একেবারে শেষ মুহূর্তে’ বিষয়টি তাদের নজরে এসেছে উল্লেখ করে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও বলেন, ‘ম্যাচগুলো কেন টিভিতে দেখানো হবে না তার কারণ এখনো আমাদের জানা নেই।’
বিসিবির প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে, ট্যাপম্যাডে সরাসরি সম্প্রচারিত হবে এই সিরিজ। খেলা দেখার জন্য অ্যাপটি ডাউনলোড করার পর সাবস্ক্রাইব করতে হবে।
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্টের ভেন্যু ডারউইনের টিআইও স্টেডিয়াম। খেলা শুরু হবে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায়।
এছাড়া, ভারত ও পাকিস্তানের দুটি টেলিভিশন চ্যানেল দেখাবে সিরিজটি। তবে স্টার স্পোর্টস ভারতের পাশাপাশি শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও ভুটানে এবং টেন ক্রিকেট পাকিস্তানে সম্প্রচার করলেও বাংলাদেশ থেকে এসব চ্যানেলে খেলা দেখা যাবে না।

