ফুটবল মাঠের কিংবদন্তি রোনালদিনহো এবার পা রাখতে চলেছেন ক্লাব মালিকানার জগতে। ফ্রান্সের ঐতিহাসিক বাস্কেটবল ক্লাব এএস মোনাকো কিনতে কোটি টাকার প্রস্তাব দিয়েছেন সাবেক ব্রাজিলিয়ান তারকা। আন্দোরাভিত্তিক বিনিয়োগ তহবিল ক্লেটন স্পোর্টের সঙ্গে মিলে ক্লাবটির নিয়ন্ত্রণ নেওয়ার দৌড়ে নেমেছেন তিনি।
ফরাসি সংবাদমাধ্যম লা’কিপের বরাতে জানা গেছে, রোনালদিনহো ও ক্লেটন স্পোর্ট মোনাকোর প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে একটি আনুষ্ঠানিক আগ্রহপত্র পাঠিয়েছে। তাদের প্রস্তাব মোনাকোর বোর্ডকে কিছুটা চমকে দিয়েছে। কারণ, এর কয়েক ঘণ্টা আগেও ক্লাবটির কর্তারা অন্য এক বিনিয়োগকারী গোষ্ঠী হেলেন হোল্ডিংসের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে আশাবাদী ছিলেন।
রোনালদিনহোর প্রস্তাবে রয়েছে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমত, ইউরোলিগের কাছে মোনাকোর থাকা ২৫ লাখ ইউরোর ঋণ পরিশোধ করা। দ্বিতীয়ত, ফরাসি লিগের আর্থিক নিয়ন্ত্রকের চাওয়া ৫০ লাখ ইউরোর ব্যাংক গ্যারান্টি দেওয়া। আর তৃতীয়ত, আগামী তিন থেকে পাঁচ মৌসুম প্রতি বছর প্রায় ১ কোটি ইউরো করে বিনিয়োগের প্রতিশ্রুতি।
শুধু অর্থ বিনিয়োগেই থামছেন না রোনালদিনহো। প্রস্তাবিত কাঠামোতে ক্লাবটির সঙ্গে তার নিজেরও একটি ভূমিকা রাখার পরিকল্পনা রয়েছে। তবে সেই দায়িত্ব ঠিক কী হবে, তা এখনো প্রকাশ করা হয়নি।
বর্তমানে গভীর আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এএস মোনাকো। গত ৩ জুলাই ২০২৬-২৭ মৌসুমের পেশাদার প্রতিযোগিতায় ক্লাবটির নিবন্ধন বাতিল করে ফরাসি কর্তৃপক্ষ। পর্যাপ্ত আর্থিক নিশ্চয়তা দেখাতে না পারায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ক্লাবটির মোট ঋণের পরিমাণ প্রায় ২ কোটি ৪০ লাখ ইউরো।
এর মধ্যে রয়েছে জুনের শেষ নাগাদ জমা হওয়া বিভিন্ন দায় এবং আগের মৌসুম শেষ করতে মোনাকোর রাজপরিবারের কাছ থেকে পাওয়া অর্থও।
আর্থিক সংকটের কারণে ইউরোলিগ থেকেও বাদ পড়েছে মোনাকো। টানা পাঁচ মৌসুম ইউরোপের শীর্ষ এই প্রতিযোগিতায় খেলা ক্লাবটি ২০২৫-২৬ মৌসুমে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠেছিল। সেখানে অলিম্পিয়াকোসের কাছে হেরে বিদায় নেয় তারা।
এদিকে সাবেক এনবিএ খেলোয়াড় জামাল মাশবার্নের নেতৃত্বাধীন হেলেন হোল্ডিংসও মোনাকো কিনতে আগ্রহী ছিল। তারা ৭০ লাখ পাউন্ডের ব্যাংক গ্যারান্টি জমা দিয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় গত ১ আগস্ট তাদের আবেদন প্রত্যাখ্যান করা হয়।
তবুও মোনাকোর সঙ্গে তাদের আলোচনা চলছিল এবং ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছিল, দুই পক্ষের আলোচনা উল্লেখযোগ্যভাবে এগিয়েছে। এর মধ্যেই রোনালদিনহোর প্রস্তাব নতুন করে মালিকানা লড়াই জমিয়ে দিয়েছে।
সবকিছু এখন নির্ভর করছে সময়ের ওপর। ফরাসি জাতীয় অলিম্পিক ও ক্রীড়া কমিটির কাছে আগামী ১৮ আগস্টের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে মোনাকোকে। সেই আপিলের মাধ্যমে ক্লাবটি ২০২৬-২৭ মৌসুমে ফরাসি লিগে খেলার অনুমতি ফিরে পাওয়ার চেষ্টা করবে।

