ময়মনসিংহের গৌরীপুরে রোববার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, রোববার রাত প্রায় ১০টার দিকে গৌরীপুরের দুর্বারচর চন্দ্রপাড়া এলাকায় এ হামলা চালানো হয়। নিহতের নাম আব্দুল বারেক আকন্দ (৫০)। এলাকায় তিনি মজনু মুন্সি নামেও পরিচিত।
নিহত আব্দুল বারেক বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কুমিল্লা ব্যাটালিয়নের গোয়েন্দা শাখায় কর্মরত মাজহারুল ইসলাম আকাশের বাবা।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে।
নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি জানান, আব্দুল বারেক পাশের বয়রা বাজারে চা খেতে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে দুর্বারচর মাদ্রাসার কাছে অজ্ঞাত হামলাকারীরা তার পথরোধ করে। এরপর তারা তাকে একাধিকবার ছুরিকাঘাত করে রাস্তার পাশে ফেলে রেখে যায়।
পরিবারের সদস্যদের ভাষ্য, হামলার কিছুক্ষণ পর আব্দুল বারেকের মোবাইল থেকে তার মেয়েকে ফোন করা হয়। ফোনের অপর প্রান্ত থেকে বলা হয়, ‘আমরা তোমার বাবাকে হত্যা করতে চাইনি’।
ফোন পাওয়ার পর পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় আব্দুল বারেককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত প্রায় সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
পরিবারের সদস্যরা জানান, মৃত্যুর আগে আব্দুল বারেক তাদের বলেছিলেন স্থানীয় কয়েকজন যুবক তাকে ছুরিকাঘাত করেছে।
হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
ওসি বলেন, আজ সন্ধ্যা ৮টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি এবং কাউকে গ্রেপ্তার করা যায়নি।

