গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
আজ রোববার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সংঘর্ষ হয়।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত কয়েকদিন ধরে উপাচার্য নিয়োগ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা চলছিল। আজ পরিস্থিতি সংঘর্ষে গড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে।
ওসি আমিনুল ইসলাম বলেন, এখন পর্যন্ত গুরুতর আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আমিনুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, আজ দুপুর ১২টা পর্যন্ত ডুয়েট ক্যাম্পাস থেকে আহত ১৫ জনকে হাসপাতালে আনা হয়েছে।
গত বৃহস্পতিবার ড. মোহাম্মদ ইকবালকে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয় সরকার।
নিয়োগের প্রজ্ঞাপন দেওয়ার পর শিক্ষার্থীদের একটি অংশ এ সিদ্ধান্তের প্রতিবাদ করে আসছে। কয়েকজন শিক্ষক নেতাও এ আন্দোলনে যোগ দেন।
তাদের দাবি, ডুয়েটের জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগ দিতে হবে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ আন্দোলন শুরু হয়। আজ সকাল ৮টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। নতুন নিয়োগ পাওয়া উপাচার্য দায়িত্ব নিতে ক্যাম্পাসে আসতে পারেন এমন গুজব ছড়িয়ে পড়লে উত্তেজনা আরও বেড়ে যায়।
একপর্যায়ে বিক্ষোভকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দেন। পরে আন্দোলনকারীদের সঙ্গে নতুন উপাচার্য সমর্থক হিসেবে পরিচিত আরেকটি পক্ষের বাগবিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় উভয়পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এর একাডেমিক ও প্রশাসনিক বাস্তবতা অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে আলাদা। তাই বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ ও জ্যেষ্ঠ অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ দেওয়া উচিত ছিল।

