ঠাকুরগাঁওয়ে ‘ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ নামে একটি নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে সরকার।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এই অনুমোদন দেয়। এর মধ্য দিয়ে দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট সংখ্যা দাঁড়াল ১১৭টিতে।
বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ শহীদ উজ জামানকে আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে অনুমোদনের বিষয়টি জানানো হয়েছে।
ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব নারগুন এলাকায় বিশ্ববিদ্যালয়টির প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পরিচালিত হবে।
মন্ত্রণালয়ের আদেশে বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য মোট ৩১টি শর্ত নির্ধারণ করা হয়েছে।
শর্তানুযায়ী, সাত বছর অস্থায়ী মেয়াদের মধ্যে নিজস্ব বা ভাড়া করা ভবনে বিশ্ববিদ্যালয়টির অন্তত ২৫ হাজার বর্গফুট আয়তনের স্থান থাকতে হবে। ন্যূনতম তিনটি অনুষদ ও ছয়টি বিভাগ চালু রাখতে হবে। একইসঙ্গে যেকোনো তফসিলি ব্যাংকে বিশ্ববিদ্যালয়ের নামে অন্তত দেড় কোটি টাকার সংরক্ষিত তহবিল স্থায়ী আমানত হিসেবে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ শহীদ উজ জামান জানান, প্রতিষ্ঠানটি কেবল সনদ প্রদানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না।
‘শিক্ষা থেকে দক্ষতা, দক্ষতা থেকে উদ্ভাবন এবং উদ্ভাবন থেকে কর্মসংস্থান’ হবে বিশ্ববিদ্যালয়টির মূল দর্শন, বলেন তিনি।
উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের বিদেশগমন কমাতে ১৯৯২ সাল থেকে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হয়।
এর আগে জেলাটিতে সরকারি উদ্যোগে ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’ অনুমোদন পায়। উপাচার্য নিয়োগের পর বিশ্ববিদ্যালয়টি ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে।

