ট্রান্সফার লাইভ: ফেরান, রুলি, রামোস, এনজো, বারকোলা, রোমেরো, জেসুস

ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শুরুর পথে। তবে এরমধ্যেই বেজে উঠতে শুরু করেছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করতে ব্যস্ত হয়ে উঠেছে ক্লাবগুলো। অনেক তারকা খেলোয়াড় চুক্তি নবায়ন করে থেকে যাবেন পুরনো ক্লাবে। আবার কেউ পাড়ি জমাবেন নতুন ঠিকানায়।

শুধু তারকা খেলোয়াড় নয়, পাশাপাশি উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াচ্ছে ক্লাবগুলো। ফলে প্রতিদিনই উঠে আসছে নতুন নতুন গুঞ্জন। যার কিছু সত্যি হবে। আবার কিছু মিলিয়ে যাবে গুঞ্জন আকারেই। তবে আগামী গ্রীষ্মকালীন দলবদল শেষ পর্যন্ত প্রতিদিনের এই সকল খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।

মাদ্রিদ-বার্সাকে পেছনে ফেলে প্যারিসে ফেরান

বড় চমক হতে চলেছে ফেরান তোরেসের দলবদলে। সবকিছু ঠিক থাকলে আগামী মৌসুমে পিএসজির জার্সিতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ ফরোয়ার্ডকে। স্প্যানিশ ও ফরাসি সংবাদমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, কয়েক দিন ধরে দুই ক্লাবের মধ্যে আলোচনা চলছে। এরই মধ্যে ফেরানের প্রতিনিধিরা বার্সেলোনাকে জানিয়েছেন, খেলোয়াড়টির ইচ্ছা প্যারিসে পাড়ি জমানো।

২০ লাখ ইউরোতে সিটিতে রুলি

মার্সেইয়ের গোলরক্ষক হেরোনিমো রুলিকে দলে ভেড়াতে চুক্তিতে পৌঁছেছে ম্যানচেস্টার সিটি। দ্য অ্যাথলেটিক জানিয়েছে, ৩৪ বছর বয়সী আর্জেন্টাইন গোলরক্ষকের জন্য সিটি দেবে ২০ লাখ ইউরো। জেমস ট্রাফোর্ড লিডসে চলে যাওয়ার পর তার জায়গা পূরণ করতেই রুলিকে দলে টানছে ইংলিশ চ্যাম্পিয়নরা।

মিলানে নতুন অভিযানে রামোস

পিএসজি ছেড়ে এসি মিলানে যাওয়ার সম্ভাবনায় বেশ উচ্ছ্বসিত গনসালো রামোস। স্কাই স্পোর্ট ইতালিয়াকে দেওয়া সাক্ষাৎকারে পর্তুগিজ ফরোয়ার্ড বলেছেন, মিলান বিশ্বের অন্যতম সেরা ক্লাব এবং সেখানে খেলতে তিনি মুখিয়ে আছেন। নতুন ক্লাবে নিজের সামর্থ্য প্রমাণ করতেই এখন অপেক্ষায় রামোস।

রদ্রির বিকল্প হিসেবে এনজোকে চায় সিটি

বার্সেলোনায় রদ্রির যোগ দেওয়ার সম্ভাবনা বাড়তেই তার বিকল্প খুঁজতে শুরু করেছে ম্যানচেস্টার সিটি। দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, চেলসির আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে দলে ভেড়ানোর সম্ভাবনা খতিয়ে দেখছে সিটি। ২৫ বছর বয়সী এই মিডফিল্ডারকে রদ্রির সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনা করছে ইংলিশ ক্লাবটি।

বারকোলাকে নিয়ে পিএসজির সঙ্গে আলোচনায় লিভারপুল

ব্র্যাডলি বারকোলাকে দলে ভেড়াতে পিএসজির সঙ্গে প্রাথমিক আলোচনা করেছে লিভারপুল। তবে দুই ক্লাবের মূল্যায়নের মধ্যে বড় পার্থক্য রয়েছে। স্কাই স্পোর্টস জানিয়েছে, ২৩ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ডকে নিয়ে আলোচনায় এখনো সমঝোতার কাছাকাছি যেতে পারেনি দুই পক্ষ।

ভিনিসিয়ুসকে না পেয়ে তিন বিকল্পে আর্সেনাল

রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়রকে দলে ভেড়ানোর আশা পূরণ না হওয়ায় বিকল্প পথে হাঁটছে আর্সেনাল। দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, লন্ডনের ক্লাবটির তালিকায় এখন পিএসজির ব্র্যাডলি বারকোলা, অ্যাতলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ এবং এভারটনের সেনেগালিজ উইঙ্গার ইলিমান দিয়েংয়ে রয়েছেন।

রোমেরোকে চায় আর্সেনাল, ছাড়বে না টটেনহ্যাম

ক্রিস্তিয়ান রোমেরোকে দলে ভেড়াতে আগ্রহী আর্সেনাল। তবে একই শহরের প্রতিদ্বন্দ্বী ক্লাবের কাছে আর্জেন্টাইন ডিফেন্ডারকে বিক্রি করতে রাজি নয় টটেনহ্যাম। বৃটিশ সংবাদমাধ্যম দ্য মিরর জানিয়েছে, ২৮ বছর বয়সী রোমেরোকে নিয়ে আগ্রহ থাকলেও আর্সেনালের কাছে তাকে বিক্রি করার সম্ভাবনা নাকচ করে দিয়েছে স্পার্স।

গ্যাব্রিয়েল জেসুসকে চায় নাপোলি

আক্রমণভাগ আরও শক্তিশালী করতে আর্সেনালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসকে দলে ভেড়ানোর কথা ভাবছে নাপোলি। ইতালিয়ান কালচিওমেরকাতো জানিয়েছে, ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ডকে নিয়ে আগ্রহ দেখিয়েছে ইতালিয়ান ক্লাবটি। আর্সেনালে নিজের জায়গা ধরে রাখতে লড়াই করা জেসুসের জন্য নাপোলির প্রস্তাব নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে।

 

Related Articles

Latest Posts