টাঙ্গাইলে দুর্গামন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগ

টাঙ্গাইলের মির্জাপুরে একটি দুর্গামন্দিরে নির্মাণাধীন সাতটি প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটালেও আজ সকালে বিষয়টি স্থানীয়রা জানতে পারেন।

উপজেলার জামুর্কি পশ্চিমপাড়ার জামুর্কি আর্য সমিতির তত্ত্বাবধানে এই মন্দিরে প্রায় ৮৫ বছর ধরে দুর্গাপূজা উদযাপিত হয়ে আসছে। এবারের পূজার প্রস্তুতি হিসেবে মূল দুর্গাপ্রতিমাসহ মোট সাতটি প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে ছিল।

জামুর্কি আর্য সমিতির সভাপতি প্রকাশ বাকালী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গতকাল রাত ১০টা পর্যন্ত আমরা মন্দিরে ছিলাম। আজ সকালে এসে প্রতিমাগুলো ভাঙচুর করা অবস্থায় দেখতে পাই।’

তিনি বলেন, ‘কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানি না। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এ বিষয়ে অভিযোগ দায়ের করতে যাচ্ছি।’

খবর পেয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার শামসুল আলম সরকার এবং সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর সার্কেল) আদনান মুস্তাফিজ ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা স্থানীয়দের আশ্বাস দেন, এ ঘটনায় দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মন্দিরের প্রতিমাগুলো হেলে পড়া অবস্থায় পাওয়া গেছে। দোষীদের শনাক্ত ও বিচারের আওতায় আনতে আমরা তদন্ত করছি। পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।’

Related Articles

Latest Posts