মানিকগঞ্জের সাটুরিয়ায় মানসিক ভারসাম্যহীন স্ত্রী নিখোঁজ হওয়ার পর দুই মাস ২৩ দিন ধরে তার সন্ধান করছিলেন স্বামী আলী হোসেন। অবশেষে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওর মাধ্যমে স্ত্রীর খোঁজ পেয়েছেন তিনি।
গত ২৮ সেপ্টেম্বর স্ত্রীকে ফিরে পান ৫৭ বছর বয়সী আলী হোসেন। তিনি পেশায় দর্জি। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের ভাঙ্গাবাড়ি গ্রামে তার বাড়ি।
আলী হোসেন বলেন, ‘আমার স্ত্রী পাঁচ বছর আগে অসুস্থ হয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন। তখন ঢাকায় চিকিৎসা করানোর পর তিনি সুস্থ হন। কিন্তু তিন বছর আগে আবার অসুস্থ হয়ে তিনি ৯ দিন নিখোঁজ ছিলেন। পরে সুস্থ হলেও এবার আবারও নিখোঁজ হয়ে যান। দুই মাস ২৩ দিন পর আমি তাকে খুঁজে পেয়েছি। যে কনটেন্ট ক্রিয়েটরের ভিডিওর মাধ্যমে স্ত্রীর খোঁজ পেয়েছি, তাকে ধন্যবাদ।’
স্বজনরা জানান, আড়াই মাস আগে সাটুরিয়ার বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হন আলী হোসেনের স্ত্রী। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার গোবিন্দল গ্রামে রাস্তার পাশে দিন কাটাচ্ছিলেন তিনি।
সম্প্রতি রবিউল হক নামের স্থানীয় এক তরুণ রাস্তার পাশে ওই নারীকে দেখে ভিডিও তৈরি করে ফেসবুকে আপলোড করেন। ভিডিওটি আলী হোসেনের নজরে আসে। স্ত্রীকে চিনতে পেরে তিনি সিঙ্গাইরে যান।
ঘটনাস্থলে পৌঁছানোর পর ভারসাম্যহীন স্ত্রী তাকে চিনতে পারেন। দীর্ঘ আড়াই মাস পর স্ত্রীকে ফিরে পেয়ে আলী হোসেন কান্নায় ভেঙে পড়েন। স্বামী-স্ত্রীর সাক্ষাতের এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
কনটেন্ট ক্রিয়েটর রবিউল হক বলেন, ‘ওই নারীকে অসহায় অবস্থায় দেখে ভিডিও করে ফেসবুকে শেয়ার করেছিলাম, যেন পরিবারের সদস্যরা তার খোঁজ পান।’

