ঝালকাঠিতে দৃষ্টিপ্রতিবন্ধী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন বেলাল (৪০) ও নাসির (৫০)। এর মধ্যে বেলাল পেশায় রিকশাচালক এবং নাসির ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক।
আজ মঙ্গলবার দুপুরে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান দ্য ডেইলি স্টারকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রায় ৬০ বছর বয়সী ওই নারী ঝালকাঠি সদর হাসপাতালে অবস্থান করছিলেন। ভোররাত ৩টার দিকে বেলাল ও নাসির তাকে হাসপাতাল থেকে বাইরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে ভোর ৫টার দিকে আবার তাকে হাসপাতালে রেখে যান।
ওই নারীর পাশের শয্যায় চিকিৎসাধীন এক রোগী জানান, বেলাল আগে থেকেই ওই নারীর পরিচিত ছিলেন।
তিনি দেখেছেন, বেলাল ওই নারীকে নিয়ে যাচ্ছেন। সে সময় বেলালের সঙ্গে তার কথাও হয়েছে।
ওই রোগী বলেন, ‘বেলাল আমাকে বলেছিলেন, এই নারী তার এক বন্ধুর মা। তিনি রাগ করে বাড়ি থেকে বের হয়ে এসেছেন। তাই তাকে কিছু খাওয়ানোর জন্য বাইরে নিয়ে যাচ্ছেন।’
তার ভাষ্যমতে, বেলাল জোর করেই ওই নারীকে হাসপাতালের বাইরে নিয়ে যান এবং ভোরে আবার তাকে হাসপাতালে রেখে যান।
হাসপাতালে রোগীর নিরাপত্তার ব্যাপারে জানতে চাইলে ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার বলেন, ওই নারী হাসপাতালের কোনো ভর্তি রোগী ছিলেন না।
তিনি বলেন, ‘ওই নারী অনেকটা ভবঘুরে মানুষ। হাসপাতালের স্ত্রীরোগ ওয়ার্ডে খালি বেড থাকায় সেখানে অবস্থান করছিলেন তিনি। তবে কেউ তার উপস্থিতির বিষয়টি লক্ষ করেননি।’
ধর্ষণের অভিযোগ ওঠার পর হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ বেলাল ও নাসিরকে আটক করে।
ওসি মাহমুদ হাসান বলেন, ‘দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

