চাঁদপুরের আটটি উপজেলায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে ৩৭০ জনকে আটক করেছে পুলিশ।
রোববার সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত জেলার আটটি থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক অভিযানে তাদের আটক করে।
রাত ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নাদিরা নুর দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।
পরে মুচলেকা নিয়ে ৩৫৫ জনকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ১৫ জনের বিভিন্ন তথ্য যাচাই করা হচ্ছে বলেও জানান তিনি।
নাদিরা নুর জানান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর নির্দেশে ও চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে চাঁদপুর সদরে ৩৫ জন, হাইমচরে ৪৮ জন, ফরিদগঞ্জে ৪১ জন, হাজীগঞ্জে ৩৭ জন, কচুয়ায় ৬২ জন, শাহরাস্তিতে ৪৫ জন, মতলব উত্তরে ৫২ জন ও মতলব দক্ষিণে ৩৬ জনকে আটক করা হয়। এছাড়া ডিবি পুলিশ বিভিন্ন স্থান থেকে ১৪ জনকে আটক করে।
এসপি মিজানুর রহমান রাতে দ্য ডেইলি স্টারকে জানান, কিশোর গ্যাং ও অপরাধপ্রবণতা প্রতিরোধে জেলা পুলিশের এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।

