রাজনৈতিক অর্থায়ন ও সম্পদের স্বচ্ছতায় জোর, তরুণদের যুক্ত হতে আহ্বান

রাজনৈতিক অর্থায়ন ও সম্পদের তথ্য প্রকাশে স্বচ্ছতা বাড়িয়ে গণতান্ত্রিক জবাবদিহিতা কীভাবে শক্তিশালী করা যায়, তা নিয়ে ঢাকায় টাউন হল সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

রোববার ঢাকার সিরডাপ মিলনায়তনে ‘স্ট্রেনদেনিং ডেমোক্রেটিক অ্যাকাউন্ট্যাবিলিটি: পলিটিক্যাল ফাইন্যান্স অ্যান্ড অ্যাসেট ট্রান্সপারেন্সি’ শীর্ষক এ সংলাপের আয়োজন করে দ্য বাংলাদেশ ডায়ালগ (টিবিডি)। আয়োজনটির সহযোগী ছিল ভয়েসেস ফর ইন্টারঅ্যাকটিভ চয়েস অ্যান্ড এমপাওয়ারমেন্ট (ভয়েস)।

অনুষ্ঠানে গবেষক, সাংবাদিক, শিক্ষক, তরুণ ও সংসদ সদস্যরা অংশ নেন। রাজনৈতিক অর্থায়ন, নির্বাচনী ব্যয়, সম্পদের তথ্য প্রকাশ, স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে আলোচনা করেন তারা।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তাসমিয়া ফেরদৌস তিতলী। জয়ী ট্রেনিং সেশন থেকে অর্জিত অভিজ্ঞতা ও শিক্ষার আলোকে তিনি রাজনৈতিক অর্থায়ন ও সম্পদ স্বচ্ছতার বিভিন্ন দিক তুলে ধরেন এবং কিছু সুপারিশ উপস্থাপন করেন।

পরে প্যানেল আলোচনায় অংশ নেন নেত্র নিউজের নির্বাহী সম্পাদক নাজমুল আহসান ও নর্থ সাউথ ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. জাভেদ হোসেন।

‘পার্লামেন্টারিয়ানস টেক’ পর্বে বক্তব্য ও অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংসদ সদস্য মাহমুদা হাবিবা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন।

মাহমুদা হাবিবা গ্রহণযোগ্য নির্বাচন, জনপ্রতিনিধিদের জবাবদিহি, প্রার্থী যাচাই এবং সংসদ সদস্যদের সম্পদ ও নির্বাচনী ব্যয়ের ওপর নজরদারি জোরদারের প্রয়োজনীয়তার কথা বলেন। তিনি স্বাধীন গণমাধ্যম ও সক্রিয় নাগরিক সমাজের গুরুত্বও তুলে ধরেন।

রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তিনির্ভরতা কমানো, জনপ্রতিনিধিদের জনগণের কাছে জবাবদিহি এবং স্বাধীন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন আবদুল্লাহ আল আমিন। মতপ্রকাশের স্বাধীনতা, উন্মুক্ত আলোচনা ও নাগরিক অংশগ্রহণকেও তিনি গণতান্ত্রিক জবাবদিহির গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে উল্লেখ করেন।

আলোচনায় অংশ নেওয়া তরুণরা রাজনৈতিক অর্থায়ন নিয়ন্ত্রণ, আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা এবং জবাবদিহি বাড়ানোর বিভিন্ন উপায় নিয়ে প্রশ্ন করেন।

সমাপনী বক্তব্যে দ্য বাংলাদেশ ডায়ালগ ফাউন্ডেশনের সেক্রেটারি আসলাম বেগ সায়েম রাজনীতিকদের সঙ্গে নাগরিকদের সরাসরি সংলাপ এবং তরুণদের রাজনৈতিক আলোচনায় আরও বেশি যুক্ত করার আহ্বান জানান।

Related Articles

Latest Posts