চলতি অর্থবছরেই সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ—স্থানীয় সরকারের পাঁচ ধরনের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
আজ মঙ্গলবার সকালে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ভাঙ্গা ব্রিজ এলাকায় সৌন্দর্যবর্ধনের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে সরকার বদ্ধপরিকর। চলতি অর্থবছরের বাজেটে এসব নির্বাচন আয়োজনের জন্য প্রায় ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। ইতোমধ্যে নির্বাচন কমিশনকে প্রস্তুতি নেওয়ার অনুরোধ করা হয়েছে।
তিনি বলেন, কমিশনের প্রস্তুতি শেষ হলে অর্থ বিভাগ, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন যৌথভাবে বৈঠক করে কোন নির্বাচন আগে এবং কোনটি পরে হবে, তা নির্ধারণ করবে। তবে চলতি অর্থবছরের মধ্যেই পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।
আমিনবাজারের পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের বিষয়ে শাহে আলম বলেন, ঢাকা শহরের গুরুত্বপূর্ণ প্রবেশপথ আমিনবাজার দিয়ে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের বিপুলসংখ্যক যানবাহন চলাচল করে। কিছুদিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমান হেমায়েতপুরে একটি কর্মসূচিতে যাওয়ার সময় মহাসড়কের পাশে দীর্ঘদিনের ময়লার ভাগাড় ও দুর্গন্ধের বিষয়টি দেখতে পান। এরপর তার নির্দেশনায় ঢাকা জেলা প্রশাসন এ বিষয়ে উদ্যোগ নেয়।
‘জেলা প্রশাসকের সাহসী উদ্যোগের কারণে প্রায় ২৫ বছরের ময়লার ভাগাড় ও দুর্গন্ধের জায়গাটিকে এখন একটি সুন্দর পরিবেশে নিয়ে আসা সম্ভব হয়েছে। সেখানে বালু ভরাট করে রাস্তা প্রশস্ত করা হয়েছে। নিম, নারকেলসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে। বালু যাতে ধসে না যায়, সে জন্য রিটেইনিং ওয়ালের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে কেউ যেন, সেখানে ময়লা ফেলতে না পারে, সে জন্য নেটিংয়ের ব্যবস্থাও করা হচ্ছে’, বলেন তিনি।
এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, নির্দিষ্ট ময়লা ফেলার স্থানে ময়লা ফেলতে হবে। যত্রতত্র ময়লা না ফেললে সরকারের পরিচ্ছন্নতা কার্যক্রম আরও সহজ হবে।
আমিনবাজার এলাকায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে আলোর ব্যবস্থা করার পরিকল্পনার কথাও জানান শাহে আলম।
তিনি বলেন, বায়ু থেকে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে এখানে লাইটিংয়ের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি ও সৌরবিদ্যুতের মতো নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর মাধ্যমে একটি উদাহরণ তৈরি করা সম্ভব হলে অন্যরাও তা অনুসরণ করবে।

