খুলনায় দুর্বৃত্তদের গুলিতে নিহত ১

খুলনার দিঘলিয়া উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে ৫৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন।

আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ফরমাইশখানা এলাকার ফায়ার সার্ভিস সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

নিহত নাসিমুল করিম ওরফে নাসিম (৫৫) ফরমাইশখানা এলাকার মৃত আবদুল গফুরের ছেলে।

খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘নাসিমুল করিম পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে দুইজন ব্যক্তি ভ্যানে এসে তাকে গুলি করে একইভাবে ফিরে যান।’

পুলিশ সুপার বলেন, ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ‘আমরা ঘটনাস্থল থেকে এবং তার আশপাশের এলাকা থেকে ভিডিও ফুটেজ পেয়েছি। সেগুলো পর্যালোচনা করা হচ্ছে।’

তিনি জানান, নিহত নাসিমুল করিমের নামে পাঁচটি হত্যা ও একটি অস্ত্র মামলাসহ বিভিন্ন জায়গায় মোট আটটি মামলা রয়েছে।

তবে কী কারণে এবং কারা তাকে গুলি করে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানান পুলিশ সুপার।

Related Articles

Latest Posts