গত দুই বছরেরও বেশি সময় ধরে কানে শোনার সমস্যায় ভুগছেন কে-পপ ব্যান্ড বিটিএসের সদস্য ভি। এজন্য তিনি নিয়মিত চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে কনসার্ট শেষ করার পর ভক্তদের সঙ্গে অনলাইনে কথা বলার সময় এ কথা জানান ভি। তখন তার সঙ্গে ছিলেন বিটিএসের আরেক সদস্য জাংকুক। দুজন মিলে খাবার খাওয়ার সময় ফ্যান প্ল্যাটফর্ম ওয়েভার্সে সরাসরি যুক্ত হন।
ভি বলেন, ‘আমি আগে কখনো আর্মিকে (বিটিএসের ভক্তদের) এটা বলিনি। গত আড়াই বছর ধরে আমার কানে শুনতে সমস্যা হচ্ছে।’
তিনি জানান, তার দুই কানের শোনার ক্ষমতার মধ্যে বেশ পার্থক্য রয়েছে। তার বাঁ কানে যদি শোনার ক্ষমতা ১০০ ধরা হয়, তাহলে ডান কানে তা প্রায় ৩০।
এ কারণে তিনি নিয়মিত ওষুধ খাচ্ছেন এবং চিকিৎসকদের পরামর্শ নিয়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।
একই লাইভে জাংকুক তার পায়ের চোটের কথা জানান।
তিনি বলেন, তার পায়ের নিচের অংশে এত বেশি ব্যথা ও প্রদাহ হয়েছে যে, স্ট্রেস ফ্র্যাকচার হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে তার হাড়ে এখনো স্ট্রেস ফ্র্যাকচার হয়নি।
জাংকুক বলেন, কনসার্টে তিনি ইচ্ছেমতো দৌড়াতে ও নাচতে চেয়েছিলেন। কিন্তু ব্যথার কারণে সবসময় তা সম্ভব হয়নি।
জাংকুক জানান, তার পায়ের হাড়ে সামান্য ক্ষতি হয়ে থাকতে পারে। তাই পুরো ট্যুর শেষ করতে খুব সাবধানে চোট সামলাবেন।
বর্তমানে বিটিএস তাদের নতুন আরিরাং বিশ্ব সফরের উত্তর আমেরিকা পর্বে রয়েছে।
আগে তারা লন্ডন, প্যারিস ও মিউনিখসহ ইউরোপের বিভিন্ন শহরে কনসার্ট করেছে।

