কক্সবাজারে সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে অবৈধ পান চাষ উচ্ছেদ অভিযানের সময় চালানো হামলায় রেঞ্জ অফিসারসহ বন বিভাগের পাঁচজন আহত হয়েছেন।
বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, আজ সোমবার সকাল ১০টার দিকে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন—রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলম, বন প্রহরী হুমায়ুন কবির, মালি সাইদুল ইসলাম, বনকর্মী মো. সাজিদ এবং ইমার্জেন্সি রেসপন্স টিমের (ইআরটি) সদস্য মিজানুর রহমান।
বিট কর্মকর্তা কামরুজ্জামান শোভন জানান, আহতদের মধ্যে তিনজনের মাথায় গুরুতর আঘাত লেগেছে। শরিফুল আলমের মাথায় নয়টি সেলাই লেগেছে। আর অন্য দুজনের মাথায় তিনটি করে সেলাই দিতে হয়েছে। বাকি আহতরা শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পানেরছড়ার সমিতিপাড়া ও দক্ষিণ মিঠাছড়ি এলাকার নাজির, সাহাব উদ্দিন, জসিম ও আবদুল্লাহ নামে কয়েকজন এই হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
ডিএফও আবদুল্লাহ আল মামুন বলেন, সংরক্ষিত বনভূমি দখল করে গড়ে তোলা অবৈধ পান চাষ অপসারণে বন বিভাগের দলটি অভিযান পরিচালনা করছিল। এ সময় সংঘবদ্ধ দখলদারদের একটি দল কর্মকর্তাদের ওপর হামলা চালায়। এতে পাঁচজন আহত হন।
তিনি আরও বলেন, শরিফুলের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে পাঠানো হতে পারে। বনভূমি দখল ও সরকারি কর্মকর্তাদের ওপর হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

