কক্সবাজারের উখিয়া উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
আজ সোমবার দুপুর ২টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের স্কুলপাহাড় এলাকায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত দুই বোন হলেন—উখিয়ার হরিণমারা এলাকার জাফর আলমের মেয়ে রুবিনা আক্তার (৪০) ও শাহিনা আক্তার (৪২)। নিহত অপর ব্যক্তি পুরুষ। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, চালকসহ ছয়জন যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি কক্সবাজার থেকে উখিয়ার দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে একজন ঘটনাস্থলেই মারা যান। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুই বোনের মৃত্যু হয়। আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।
হাসপাতালে নিহত রুবিনা ও শাহিনার স্বজনরা জানান, পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে তারা সকালে কক্সবাজার আদালতে গিয়েছিলেন। শুনানি শেষে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়াও চলমান।

