উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় যুক্তরাজ্যে পুলিশসহ নিহত ৭

যুক্তরাজ্যের উত্তর-পূর্বাঞ্চলে উল্টো পথে চলা একটি গাড়ির সঙ্গে পুলিশের একটি গাড়ির সংঘর্ষে দুই পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত হয়েছেন।

দেশটির পুলিশের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার ভোর ৩টা ৩৯ মিনিটে মিডলসব্রো শহরের পূর্বে সাউথ ব্যাংক এলাকায় দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষে দুই গাড়িতে থাকা সবাই ঘটনাস্থলেই নিহত হন।

ক্লিভল্যান্ড পুলিশের প্রধান কনস্টেবল ভিক্টোরিয়া ফুলার বলেন, ‘এই মর্মান্তিক দুর্ঘটনার প্রভাব আমাদের বিভিন্ন সম্প্রদায় এবং পুরো পুলিশ বাহিনীর ওপর পড়বে।’

দুর্ঘটনার কারণ ও কীভাবে এটি ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। নিহতদের পরিচয় আনুষ্ঠানিকভাবে শনাক্ত করার প্রক্রিয়াও চলছে।

রয়টার্স জানায়, এ ধরনের ঘটনায় প্রচলিত নিয়ম অনুযায়ী ব্রিটেনের ইন্ডিপেন্ডেন্ট অফিস ফর পুলিশ কনডাক্ট (আইওপিসি) দুর্ঘটনাটি পর্যালোচনা করবে।

এর আগে আয়ারল্যান্ডের ডাবলিনের কাছে উল্টো পথে গাড়ি চালানোর কারণে দুটি মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হন।

এসব ঘটনার পর দেশটির পুলিশ প্রধান সতর্ক করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি লাইক পাওয়ার আশায় কিছু তরুণ মহাসড়কে বিপজ্জনকভাবে উল্টো পথে গাড়ি চালাচ্ছেন।

এ নিয়ে আয়ারল্যান্ডের একটি সংসদীয় কমিটি স্বল্পদৈর্ঘ্য ভিডিও প্ল্যাটফর্ম টিকটকের কাছে জানতে চেয়েছে, সড়কে বিপজ্জনক ও বেআইনি আচরণ উৎসাহিত করে এমন ভিডিও কেন সরিয়ে নেওয়া হচ্ছে না। দেশটির গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থাও একই বিষয়ে টিকটকের কাছে ব্যাখ্যা চেয়েছে।

Related Articles

Latest Posts