উচ্ছেদ অভিযানে পিকআপ ভ্যানে আগুন: ডিএনসিসির মামলায় আসামি অজ্ঞাত ৫০০

রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পিকআপ ভ্যানে আগুন দেওয়ার ঘটনায় মামলা দায়ের হয়েছে। এতে অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডিএনসিসির কর্মকর্তা মহসিন বাদী হয়ে গত রাতে মামলাটি দায়ের করেছেন।

‘জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারে আমরা কাজ করছি,’ বলেন তিনি।

ডিএনসিসি গতকাল মিরপুর-১০ নম্বর সেকশন এলাকায় ফুটপাত থেকে অবৈধ স্থাপনা এবং হকার উচ্ছেদ অভিযানে গেলে এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

হকারদের সঙ্গে পুলিশ ও ডিএনসিসির কর্মকর্তাদের সংঘর্ষের সময় করপোরেশনের তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এছাড়া একটি এক্সকাভেটর ও পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়।

Related Articles

Latest Posts