আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় নিহত ৯, দাবি কাবুলের

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে পাকিস্তান সেনাবাহিনীর বিমান হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার তালেবান সরকারের বরাতে বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

এদিকে ইসলামাবাদ আফগানিস্তানে তাদের ‘পরিকল্পিত ও সুনির্দিষ্ট’ হামলার কথা নিশ্চিত করেছে। তবে তারা সুনির্দিষ্ট কোনো স্থানের নাম উল্লেখ করেনি এবং জানিয়েছে যে এই হামলা সন্ত্রাসীদের লক্ষ্য করে চালানো হয়েছে।

আফগান কর্মকর্তারা জানিয়েছেন, পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশেও একটি বিমান হামলা হয়েছে।

তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক্সে লিখেছেন, দুই প্রদেশে নারী ও শিশুসহ মোট ৯ জন আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

মুজাহিদ আরও জানান, এই হামলায় আরও ১১ জন আহত হয়েছেন এবং তিনটি বাড়ি ধ্বংস হয়ে গেছে।

পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আফগানিস্তানের দুটি স্থানে থাকা সন্ত্রাসী ক্যাম্প ও আস্তানা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

হেলমান্দ প্রাদেশিক সরকার জানিয়েছে, হামলায় সাফার গ্রামে চারজন নিহত হয়েছেন এবং কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

চলতি বছরের শুরুর দিকে আফগানিস্তান ও পাকিস্তান সংঘাতে জড়ায়। মার্চ মাসে একটি যুদ্ধবিরতি চুক্তি সই হলেও নিরাপত্তা সমস্যার কোনো স্থায়ী সমাধান না হওয়ায় এরপর থেকেই সেখানে বিচ্ছিন্নভাবে হামলার ঘটনা ঘটছে।

Related Articles

Latest Posts