ঈদের ছুটি মানেই একটু আরাম, একটু অলস দুপুর, রাতজাগা আড্ডা ও প্রিয় মানুষদের সঙ্গে সিনেমা বা ওয়েব সিরিজ দেখা। কেউ গ্রামের বাড়িতে, কেউ শহরে—এই ব্যস্ততার মাঝেও এখন অনেকের বিনোদনের বড় ভরসা ওটিটি প্ল্যাটফর্ম।
এবারের ঈদেও বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে এসেছে নতুন সিনেমা, ওয়েব ফিল্ম ও সিরিজের বড় আয়োজন। প্রেক্ষাগৃহে আলোচনায় থাকা কয়েকটি সিনেমাও এখন দেখা যাচ্ছে ঘরে বসেই। প্রেম, রহস্য, থ্রিলার, পারিবারিক আবেগ কিংবা অ্যাকশন, সব ধরনের দর্শকের জন্যই আছে কিছু না কিছু। ঈদের ছুটিতে দেখে নিতে পারেন এমন সাত আয়োজন।
ঈদুল ফিতরে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা বনলতা এক্সপ্রেস এখন দেখা যাচ্ছে হইচইয়ে। তানিম নুর পরিচালিত এই সিনেমাটি নির্মিত হয়েছে হুমায়ুন আহমেদের উপন্যাস কিছুক্ষণ অবলম্বনে। একটি ট্রেনযাত্রার মধ্যে নানা মানুষের সম্পর্ক, আবেগ ও রহস্য উঠে এসেছে গল্পে। সিনেমাটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, আজমেরী হক বাঁধনসহ আরও অনেকে।
প্রেক্ষাগৃহে দর্শকদের প্রশংসা কুড়ানোর পর এবার চরকিতে মুক্তি পেয়েছে দম। রেদওয়ান রনি পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরি। গল্প, অভিনয় ও টানটান পরিবেশের জন্য সিনেমাটি দর্শকদের নজর কেড়েছে।
ঈদের ছুটিতে উৎসবে দেখা যাবে শাকিব খান অভিনীত প্রিন্স। সিনেমাটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। এতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন ও কলকাতার অভিনেত্রী জৌর্তিময়ী কুণ্ডু।
অ্যাকশন ও রহস্য পছন্দ হলে দেখতে পারেন রাক্ষস। সিনেমাটি এখন দেখা যাচ্ছে উৎসবে। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
ঈদ উপলক্ষে আইস্ক্রিনে এসেছে ওয়েব ফিল্ম সারার সংসার। আকা রেজা গালিব পরিচালিত এই কাজটি নির্মিত হয়েছে কাজী আনোয়ার হোসেনের মনস্তাত্ত্বিক উপন্যাস আর্তনাদের ছায়া অবলম্বনে। কেন্দ্রীয় চরিত্রে আছেন সাদিয়া ইসলাম মৌ।
রোমান্টিক গল্প দেখতে চাইলে চোখ রাখতে পারেন বঙ্গতে ওয়েব ফিল্ম তাজমহল দেখতে। ওয়াহিদ আনাম পরিচালিত এই ফিল্মে অভিনয় করেছেন ফাইজুল ইয়ামিন ও কলকাতার অভিনেত্রী শ্রীজা দত্ত। দুই বাংলার দুই মানুষের আবেগঘন প্রেমের গল্প নিয়ে তৈরি হয়েছে এটি।
ঈদের চতুর্থ দিন থেকে বঙ্গতে দেখা যাবে ওয়েব ফিল্ম মুখোশ মুখো। এটি পরিচালনা করেছেন সম্রাট। অভিনয়ে রয়েছেন খাইরুল বাশার, তর্ষা, নাসিরউদ্দিন খান, নাদিয়া হক।
ঈদের ছুটিতে পরিবার, বন্ধু বা প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটানোর আনন্দ আরও বাড়িয়ে দিতে পারে এই ওটিটি আয়োজনগুলো। তাই কোরবানির মাংস, আড্ডা ও ঘুরাঘুরির ফাঁকে সময় বের করে দেখতে পারেন পছন্দের কোনো সিনেমা বা ওয়েব ফিল্ম।

