নবীনগর-চন্দ্রা মহাসড়কে আজ সোমবার দুপুরের পর থেকেই যানবাহনের অধিক চাপ দেখা গেছে। ফলে, সড়কটিতে যান চলাচলের গতি অনেক কমে গেছে।
অপরদিকে, ঢাকা-আরিচা মহাসড়কে কয়েকটি পয়েন্ট ছাড়া গাবতলী থেকে ধামরাই পর্যন্ত এলাকায় যান চলাচলের গতি স্বাভাবিক রয়েছে।
ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ এবং সড়কটি চারলেনে উন্নীত করার কাজ চলমান থাকায় বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কটি দিয়ে দূরপাল্লার যানবাহন ও পশু বহনকারী ট্রাক চলছে না। সড়কটির নানা জায়গায় গর্ত ও সেখানে পানি জমে থাকায় সেখান দিকে চলাচল করা গাড়িগুলো চলছে খুবই ধীরগতিতে।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ঢাকা-আরিচা মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক। যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় হেমায়েতপুর, নবীনগরসহ সড়কটির বিভিন্ন স্ট্যান্ড এলাকায় যানবাহন কিছুটা ধীরগতিতে চলছে।’
তিনি বলেন, ‘নবীনগর-চন্দ্রা মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। সড়কটি দিয়ে ধীরগতিতে যানবাহন চললেও কোথাও যানজট নেই।’
বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সড়কটিতে উন্নয়ন কাজ চালার কারণে খানাখন্দের সৃষ্টি হয়েছে। খানাখন্দ ও দুর্ভোগ এড়াতে গুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে দূরপাল্লার পরিবহন চলছে না। চালকরা বিকল্প রুট ব্যাবহার করছেন। পশুবাহী যানবাহনও সড়কটি এড়িয়ে চলছে।’

