ঈদে দেড় কোটি যাত্রী বহনে সক্ষম পর্যাপ্ত যান দেশে নেই: সড়কমন্ত্রী

ঈদযাত্রার সময় প্রায় দেড় কোটি মানুষ পরিবহনের জন্য সরকারি ও বেসরকারি খাত মিলিয়ে পর্যাপ্ত যানবাহন নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

আজ সোমবার রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনে মেট্রোরেল ও ট্রেন সেবায় প্রবীণ এবং শারীরিকভাবে প্রতিবন্ধী যাত্রীদের জন্য ২৫ শতাংশ ভাড়া ছাড় সুবিধার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফিটনেসবিহীন যানবাহনের বিষয়ে মন্ত্রী বলেন, ‘বিআরটিএ এ ধরনের যান চলাচলের অনুমতি দেয় না। তবে ঈদযাত্রার সময় বিভিন্ন জেলায় এমন অনেক গাড়ি সড়কে নেমে পড়ে।’

‘পুলিশ সেগুলো নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু যাত্রীর চাপ এত বেশি হয় যে সবকিছু নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। আমরা ধীরে ধীরে নিশ্চিত করছি, যাতে ফিটনেসবিহীন যান চলাচল করতে না পারে,’ বলেন মন্ত্রী। 

সম্প্রতি রডবোঝাই ট্রাক দুর্ঘটনার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘প্রাথমিক তথ্যে জানা গেছে, চালক নিয়ন্ত্রণ হারানোর আগে ট্রাকটিতে ২৫-২৬ জন যাত্রী উঠেছিলেন। পরে যানটি উল্টে অনেকে মারা গেছেন। এমন অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক দুর্ঘটনা আমাদের গভীরভাবে ব্যথিত করেছে।’

ঈদযাত্রা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘দুই দিনের মধ্যে দেড় কোটির বেশি মানুষ ঢাকা ছাড়বেন। অনেকে ছুটি পাওয়ার পর বাস টার্মিনালে না গিয়ে সরাসরি মহাসড়কে চলে যান। অনেক যাত্রীর কাউন্টার থেকে টিকিট কেটে বাসে ওঠার ধৈর্য থাকে না। তারা চলন্ত যানবাহনে ওঠার চেষ্টা করেন।’ 

‘সরকার এ ধরনের অনিয়ন্ত্রিত ভ্রমণ নিরুৎসাহিত করে। এছাড়া মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে হাইওয়ে পুলিশ সীমিত সক্ষমতা নিয়ে কাজ করছে। অনেক স্থানে ৪৫ কিলোমিটার মহাসড়কের জন্য মাত্র তিনজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন,’ বলেন মন্ত্রী।

নৌপথের বিষয়ে যাত্রী, লঞ্চ মালিক ও বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের আবহাওয়ার আপডেট যাচাই করে তবেই লঞ্চ ছাড়ার অনুমতি দেওয়ার আহ্বান জানান মন্ত্রী।

Related Articles

Latest Posts