সাংবাদিকের ওপর হামলা: অভিযুক্তের সঙ্গে সখ্যতার অভিযোগে ৩ পুলিশ প্রত্যাহার

ঢাকার সাভারে ২ সাংবাদিককে মারধরের ঘটনায় করা মামলার প্রধান আসামি শামীম রেজার সঙ্গে সখ্যতা ও যোগাযোগ থাকার অভিযোগে ৩ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

আজ সোমবার দুপুরে সাভার মডেল থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান ঢাকার পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন।

তিনি বলেন, হামলার পরদিন শনিবার বিভিন্ন সূত্রে পাওয়া অভিযোগ ও পুলিশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাভার মডেল থানার ৩ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

এসপি শামীমা পারভীন বলেন, প্রত্যাহার করা পুলিশ সদস্যদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা পুলিশ সদস্যদের নাম জানাতে পারেননি তিনি।

এসপি বলেন, প্রত্যাহার হওয়া সদস্যদের মধ্যে একজন উপপরিদর্শক (এসআই) ও দুইজন সহকারী উপপরিদর্শক (এএসআই) রয়েছেন।

এদিকে, পুলিশের নির্ভরযোগ্য সূত্র জানায়, সাভার মডেল থানার এসআই মো. মনিরুজ্জামান এবং এএসআই আশিফুর রহমান ও মেরাজুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

গত শুক্রবার সাভারের পশ্চিম রাজাশন এলাকায় সংবাদ সংগ্রহ করে গিয়ে হামলার শিকার হন বেসরকারি চ্যানেল দেশ টিভির সিনিয়র রিপোর্টার তায়েফুর রহমান তুহিন ও এসএ টিভির সাভার প্রতিনিধি সাদ্দাম হোসেন। এছাড়া হামলায় দেশ টিভির ক্যামেরাপারসন কাইয়ুম ও ড্রাইভার জয়নাল আহত হয়েছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সাংবাদিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় চারজনকে আটক করে।

এদিকে, পুলিশের প্রথম দল ঘটনাস্থলে পৌঁছানোর পর অভিযুক্ত শামীমকে আটক না করা এবং পরে পুলিশের আরেকটি দল পৌঁছানোর আগেই তার পালিয়ে যাওয়ার ঘটনায় কিছু কর্মকর্তার সঙ্গে শামীমের সখ্যতা ও যোগাযোগের অভিযোগ ওঠে। এ অভিযোগের পরই ৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

প্রত্যাহারের বিষয়ে জানতে এসআই মনিরুজ্জামানকে মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

এএসআই আশিফুর রহমান ‘আমি বিষয়টি জানি না’ বলে ফোন কেটে দেন।

এএসআই মেরাজুল ইসলাম মোবাইল ফোনে বলেন, ‘আমি ৯৯৯ নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে যাই। কারও সঙ্গে আমার সখ্যতা নেই। আমাকে ক্লোজ করা হয়েছে কি না, জানি না।’

হামলার ঘটনায় ওইদিন রাতে শামীমকে প্রধান আসামি করে ২১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় ৪০-৫০ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করেন দেশ টিভির প্রধান বার্তা সম্পাদক মো. ফখরুল ইসলাম মজুমদার।

Related Articles

Latest Posts