ইলন মাস্কের স্পেসএক্সে বিটিএসের সুগার বিনিয়োগ

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএসের সদস্য সুগা বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছিলেন। খবরে বলা হয়েছে, মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার আগেই বিনিয়োগ করেছিলেন তিনি।

সোমবার দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ইডেইলি এক প্রতিবেদনে জানায়, বিনিয়োগ–সংশ্লিষ্ট একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, সুগা দক্ষিণ কোরিয়ার ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান লিংক অ্যাসেট পার্টনার্সের মাধ্যমে স্পেসএক্সে বিনিয়োগ করেন। প্রতিষ্ঠানটি স্পেসএক্সে বিনিয়োগকারী কোম্পানিগুলোর একটি।

প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের আগেই এই বিনিয়োগ করা হয়েছিল। তবে ঠিক কত বিনিয়োগ করা হয়েছিল বা কোন বছরে বিনিয়োগ করা হয়েছিল, সে তথ্য প্রকাশ করা হয়নি।

স্পেসএক্সের বাজারমূল্য ২০২০ সালে ছিল প্রায় ৪৬ বিলিয়ন মার্কিন ডলার। ২০২১ সালে তা বেড়ে দাঁড়ায় ১০০ বিলিয়ন ডলার। এরপর গত ১২ জুন যুক্তরাষ্ট্রের নাসডাকে ইতিহাসের সবচেয়ে বড় আইপিওর মাধ্যমে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় প্রতিষ্ঠানটি। আইপিওর পর কোম্পানিটির মূল্য বেড়ে প্রায় ১ দশমিক ৭৭ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এই হিসাবে, যদি সুগা ২০২১ সালে স্পেসএক্সে বিনিয়োগ করে থাকেন, তাহলে সেই বিনিয়োগের মূল্য প্রায় ১ হাজার ৬৭০ শতাংশ বেড়ে থাকতে পারে। আর যদি ২০২০ সালে বিনিয়োগ করে থাকেন, তাহলে সম্ভাব্য মুনাফা প্রায় ৩ হাজার ৭৫০ শতাংশ পর্যন্ত হতে পারে।

তবে সুগা ঠিক কত বিনিয়োগ করেছিলেন এবং কখন করেছিলেন, সেই তথ্য প্রকাশ না হওয়ায় তার প্রকৃত লাভের পরিমাণ নিশ্চিতভাবে জানা যায়নি বলে প্রতিবেদনে বলা হয়।

এদিকে, বিষয়টি নিয়ে বিটিএসের ব্যবস্থাপনা প্রতিষ্ঠান হাইবের একজন কর্মকর্তা মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

ইডেইলিকে তিনি বলেন, শিল্পীদের ব্যক্তিগত বিষয় সম্পর্কে মন্তব্য করা বা তা নিশ্চিত করা আমাদের পক্ষে সম্ভব নয়।

Related Articles

Latest Posts