মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি ওয়াশিংটনের সঙ্গে সম্পাদিত সমঝোতা স্মারকের শর্তাদি মেনে না চলে, তবে তিনি ‘যা করা দরকার, তা-ই করবেন।’
বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমনটি বলা হয়েছে।
গতকাল সোমবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘ইরান যদি সমঝোতা স্মারকের শর্ত অনুযায়ী কাজ না করে, অথবা ঠিকঠাক আচরণ না করে, তবে আমি প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’
যুদ্ধ বন্ধে গত সপ্তাহে ট্রাম্প এবং ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক সমঝোতা স্মারকে সই করেন। ইরান যুদ্ধ শুরু হওয়ার তিন মাসেরও বেশি সময় পর এই সমঝোতা স্মারক সই হয়।
সোমবার ট্রাম্প দাবি করেন, ইরানের যে অবরুদ্ধ অর্থ ছাড় দেওয়া হচ্ছে, তা দিয়ে তাদের শুধুমাত্র যুক্তরাষ্ট্র থেকেই খাদ্যশস্য কেনার কথা।
তবে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোল নাসের হেম্মাতিকে উদ্ধৃত করে জানায়, সমঝোতা স্মারক অনুযায়ী, তেহরান যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য কিনতে কোনোভাবেই বাধ্য নয়।
ট্রাম্প জোর দিয়ে বলেন, ‘ছাড় দেওয়া অর্থ খাদ্য আমদানির মাধ্যমে আমাদের কাছেই ফিরে আসবে, যা তাদের (ইরানের) এই মুহূর্তে ভীষণ প্রয়োজন। তাদের ৯ কোটি ১০ লাখ মানুষ রয়েছে, যাদের তারা খাওয়াতে পারছে না। ফলে আমরা যে অর্থ ছাড় দিচ্ছি, তা শেষ পর্যন্ত আমাদের কৃষকদের কাছেই আসবে।
হেম্মাতি বলেন, ছাড়ের অর্থ যে শুধু নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার জন্য ব্যবহার করা হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। বরং তা দিয়ে নিষেধাজ্ঞা নেই এমন অন্যান্য পণ্যও কেনা যেতে পারে।
ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা এবং লেবাননে ইসরায়েলি হামলায় কয়েক হাজার মানুষ নিহত এবং কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইরান যুদ্ধ বিশ্ববাজারকেও অস্থিতিশীল করে তুলেছে এবং বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিয়েছে।

