আওয়ামী লীগের ফিরতে হলে মানুষের ‘ডিমেনশিয়া’ হতে হবে: তথ্য উপদেষ্টা

বাংলাদেশের সব মানুষ ডিমেনশিয়া (স্মৃতিভ্রংশ) রোগে আক্রান্ত হলেই কেবল আওয়ামী লীগ এই দেশে বড় গলায় কথা বলতে পারবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ দল হিসেবে পুরোপুরি নিষিদ্ধ হবে কিনা, সেটি আদালতেই নির্ধারিত হবে বলে জানান তিনি।

আজ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের বড় গলা হতে (রাজনীতিতে স্বাভাবিক হতে) আমাদের সবার স্মৃতিশক্তি শেষ হয়ে যেতে হবে, ডিমেনশিয়া রোগ হয়ে সবকিছু ভুলে যেতে হবে, তাহলে হয়তো (আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা) সম্ভব। 

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার নৈতিক সাহস নেই উল্লেখ করে উপদেষ্টা বলেন, লুটপাটকারী, মাফিয়া, চোর-বাটপারের আসলে খুব বেশি নৈতিক সাহস থাকে না।

তিনি আরও বলেন, জুলাইয়ে বন্দুকের সামনে মানুষ দাঁড়াতে পেরেছিল, কারণ তাদের নৈতিক সাহসটা ছিল। এত গুলি, এত মৃত্যু, এরপরও মানুষ পরের দিন আবার গিয়ে (বন্দুকের সামনে) দাঁড়িয়েছে। তো তাদের (আওয়ামী লীগ) দিয়ে আসলে তেমন কিছু হওয়ার কোনো কারণ নাই।

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কয়েকটি জেলায় সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে উপদেষ্টা বলেন, কিছু ছোটখাটো নাশকতার সক্ষমতা হয়তো (আওয়ামী লীগের) আছে, আর তাদের প্রচুর টাকা আছে। সেটা খরচ করে হঠাৎ করে কোনো নাশকতা করে কিনা, সেজন্য যে জায়গায় ঝুঁকি বেশি মনে হয়েছে সেখানে সেনাবাহিনী রাখা হয়েছে জনগণের নিরাপত্তার স্বার্থে। এর মানে এই না যে সরকার মনে করে আওয়ামী লীগ অনেক কিছু করতে পারবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার আবদাল আহমদ ও তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসীন।

Related Articles

Latest Posts