আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের রায়ের পর সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তার অনুসারীরা।

আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে সীতাকুণ্ডের টেরিয়াইল, বাড়বকুণ্ড ও ছোটো দারোগারহাট এলাকায় অবরোধ করেন তারা। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়েন হাজারো যাত্রী।

হাইওয়ে পুলিশ চট্টগ্রাম জোনের সহকারী পুলিশ সুপার আরিফুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, প্রথমে বিকেল সাড়ে ৩টার দিকে এক জায়গায় মহাসড়ক অবরোধ করা হয়েছিল। পরে সেটি তুলে নেওয়া হয়। তবে এরপর বিক্ষোভকারীরা তিনটি পৃথক স্থানে মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আমরা যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছি।

বাসযাত্রী নীলয় সেনগুপ্ত ডেইলি স্টারকে বলেন, ঢাকা থেকে চট্টগ্রামমুখী লেনে ভয়াবহ যানজট রয়েছে। বিক্ষোভকারীরা বাড়বকুণ্ড স্কুলের সামনে ব্যারিকেড দিয়েছে। উভয় দিকেই যান চলাচল বন্ধ। প্রায় দুই ঘণ্টা ধরে নারী-শিশুসহ সবাই ভোগান্তিতে আছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিএনপি নেতা আসলাম চৌধুরীর পক্ষে স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা। তারা আদালতের রায় প্রত্যাহারেরও দাবি জানান।

 

 

Related Articles

Latest Posts