‘আর কতদিন এভাবে টেনে নেওয়া সম্ভব’

ইউএস ওপেনের প্রথম রাউন্ডেই বিদায় নিয়ে অঘটনের শিকার হয়েছেন নোভাক জোকোভিচ। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার নিজের পেশাদার টেনিস ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে বড় ইঙ্গিত দিয়েছেন ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক এই তারকা। 

সোমবার আর্জেন্টিনার মারিয়ানো নাভোনের কাছে তীব্র শারীরিক ধকলের মুখোমুখি হয়ে হার মানার পর তিনি স্বীকার করেন, সর্বোচ্চ পর্যায়ে খেলা আর কতদিন চালিয়ে যেতে পারবেন—তা নিয়ে নিজেই এখন চরম অনিশ্চয়তায় আছেন।

আর্থার অ্যাশ স্টেডিয়ামে অনুষ্ঠিত পাঁচ সেটের লড়াইয়ে নাভোনের কাছে ৭-৬, ৫-৭, ৬-৪, ২-৬, ৬-১ ব্যবধানে হেরে যান ৩৯ বছর বয়সী জোকোভিচ। ম্যাচের শুরু থেকেই তাঁকে ফিটনেস সমস্যায় ভুগতে দেখা যায়।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জোকোভিচের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ইউএস ওপেনের অতিরিক্ত আর্দ্র আবহাওয়ায় ভীষণভাবে হাঁপিয়ে ওঠেন এই সার্বিয়ান তারকা। বৃষ্টি শুরু হলে স্টেডিয়ামের ছাদ বন্ধ করে দেওয়া হয়; সে সময় তাঁকে মাথায় বরফের ব্যাগ চেপে বসে থাকতে দেখা যায়।

তৃতীয় সেটে তার শারীরিক কষ্ট চরম রূপ নেয়, যখন কোর্টের মধ্যেই বমি করে ফেলেন জোকোভিচ। টুর্নামেন্টের ফিজিওর কাছ থেকে ওষুধ এবং নিজের কোচিং টিমের পাঠানো তরল পান করার পর তিনি আবারও খেলায় ফেরার চেষ্টা করেন।

সংবাদ সম্মেলনে জোকোভিচ বলেন, ‘বমি করা বা গা গুলানো খুব গুরুতর একটা সমস্যা। এরপরই আমার পুরো শরীর ছেড়ে দিতে শুরু করে—গায়ে ব্যথা আর একের পর এক ক্র্যাম্প আসতে থাকে। একপর্যায়ে পিঠ ও কাঁধের ব্যথায় আর দাঁড়াতেই পারছিলাম না। চতুর্থ সেটে আমি এক গেম এগিয়ে থাকলেও, মূলত চতুর্থ গেমের পর থেকেই আমি ভীষণ কষ্টে ভুগছিলাম।’

ম্যাচ শেষে জোকোভিচের চোখেমুখে ছিল তীব্র হতাশা আর ক্লান্তির ছাপ। একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। পরে তার কথাতেই স্পষ্ট হয়ে ওঠে যে, এই বয়সে টেনিসের সর্বোচ্চ পর্যায়ে খেলার শারীরিক চাপ এখন আর উপেক্ষা করা সম্ভব হচ্ছে না।

‘আমি জানি না এই সমস্যার সমাধান কী। এই মুহূর্তে খুব বেশি বিস্তারিত বলতে চাইছি না। কেবল বোঝার চেষ্টা করছি ঠিক কী ঘটছে, আর কতদিন এভাবে টেনে নেওয়া সম্ভব,’ মন্তব্য করেন জোকোভিচ।

খেলা কি ছেড়েই দিতে চেয়েছিলেন? সাবেক এই নম্বর ওয়ান টেনিস তারকা স্বীকার করেছেন যে, ম্যাচের মাঝামাঝি সময় খেলা ছেড়ে দেওয়ার কথা তার মাথায় এসেছিল। তবে ম্যাচ থেকে সরে না দাঁড়িয়ে তিনি শেষ পর্যন্ত লড়াই করার পথই বেছে নেন।

এই হারের মাধ্যমে গ্র্যান্ড স্ল্যামের ইতিহাসে জোকোভিচের অন্যতম সেরা এক রেকর্ডের অবসান ঘটল। টানা ৭৮টি গ্র্যান্ড স্ল্যামে প্রথম রাউন্ডের বাধা টপকেছিলেন তিনি। এর আগে ২০০৬ সালের অস্ট্রেলিয়ান ওপেনে পল গোল্ডস্টাইনের কাছে সর্বশেষ প্রথম রাউন্ডে হেরেছিলেন জোকোভিচ।

 

Related Articles

Latest Posts