অনেকদিন পর টি-টোয়েন্টি দলে ফিরেছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু এশিয়ান গেমসে খেলতে গিয়েও জাপান থেকে অসুস্থতা নিয়ে ফিরে এসেছেন তিনি। এই অসুস্থতার কারণে আফগানিস্তানের বিপক্ষে আবুধাবিতে একমাত্র টেস্টে তাকে নিয়ে কিছুটা শঙ্কা আছে।
আফগানিস্তানের বিপক্ষে ৯ অক্টোবর আবুধাবিতে একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ দল। বৃহস্পতিবার এই টেস্টের জন্য প্রথম দফায় রওয়ানা হবেন কয়েকজন ক্রিকেটার। এশিয়ান গেমস শেষে পরে যোগ দেবেন বাকিরা।
প্রথম বহরে অধিনায়ক শান্ত যেতে পারছেন না, তবে তাকে নিয়ে আশার কথা শুনালেন ক্রিকেট অপারেশন্স বিভাগের ইন-চার্জ শাহরিয়ার নাফীস, ‘শান্ত কিছুটা জ্বরে ভুগছিল। সতর্কতা হিসেবে ওকে আমরা এশিয়ান গেমস থেকে বাংলাদেশে নিয়ে এসেছি। গতকালকে রাতে সে বাংলাদেশে ফিরেছে। আজকে ডাক্তারের শরণাপন্ন হয়েছে। ওর জ্বরের অবস্থা আমরা জানতে পেরেছি ডাক্তার অ্যাসেসমেন্ট করেছে। তার অবস্থার উন্নতি হচ্ছে।’
‘আমরা খুবই আশাবাদী যে, সে যথাসময়ে দলের সঙ্গে যোগ দিতে পারবে। যদিও কালকে সফর করতে পারবে না, তবে আমরা বিশ্বাস করি, যথাসময়ে শান্তকে আমরা সুস্থ পাব।’
অক্টোবরেও সংযুক্ত আরব আমিরাতের তাপমাত্র থাকে অনেক বেশি। এই তাপমাত্রায় টেস্ট ম্যাচ নিশ্চিতভাবেই চ্যালেঞ্জিং। নাফীস জানান বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সব বিষয় মাথায় রেখেই দল পরিচালনা করছে, ‘বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট প্রত্যেকটা ফ্যাক্টর চিন্তাভাবনা করেই দল গঠন করেছে। এখন পর্যন্ত আমরা সেরকমই দেখেছি। টিম ম্যানেজমেন্টের যে পরকল্পনা, সেটা তো আমি বলতে পারব না। তবে অবশ্যই এতটুকু আমরা নিশ্চিত করতে পারি যে, প্রত্যেকটা ক্রিকেটারের সুস্থতা, তাদের ভালো থাকা এবং কন্ডিশন, এগুলো অবশ্যই তাদের বিবেচনায় থাকে। আগামী ২-৩ মাসে আমাদের এই গুরুত্বপূর্ণ ক্রিকেটগুলো আছে, সব বিবেচনায় রেখেই বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট দল গড়বে।’
‘ক্রিকেটারদের নিয়ে যে কনসার্ন, সেগুলো বাস্তবিকই। এগুলো নিয়ে টিম ম্যানেজমেন্ট এর মধ্যেই কাজ করছে এবং রোটেশন যা প্রয়োজন, কাকে কতটা বিশ্রাম দেওয়ার প্রয়োজন, তারা ঠিক ওভাবেই ক্যালকুলেট করবেন। আমাদের টিম ম্যানেজমেন্ট এখনও পর্যন্ত ওয়ার্কলোড ম্যানেজমেন্টে বেশ ভালোই করছে। বেশির ভাগ ক্রিকেটারই অংশ নিতে পারছে, ইনজুরির সংখ্যা কমে আসছে।’

