বিস্ফোরক সংকটে দিনাজপুর মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলন বন্ধ

বিস্ফোরক দ্রব্যের সংকটে দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডে পাথর উত্তোলন কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

আজ মঙ্গলবার সকাল থেকে খনির ভূগর্ভে পাথর উত্তোলনের কাজ স্থগিত রয়েছে।

খনির উপ-মহাব্যবস্থাপক (প্ল্যানিং, মনিটরিং এন্ড প্রকিউরম্যান্ট) মো. সামসুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমদানি করা বিস্ফোরক দ্রব্য অ্যামোনিয়াম নাইট্রেটের মজুত শেষ হয়ে যাওয়ায় সাময়িকভাবে পাথর উৎপাদন বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, ছয় মাস আগে উন্মুক্ত পদ্ধতিতে দরপত্র আহ্বানের মাধ্যমে চীনা একটি প্রতিষ্ঠানের সঙ্গে নতুন অর্ডারের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। কিন্তু ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে চীন থেকে ওই দ্রব্য সরবরাহে নিষেধাজ্ঞা দেওয়ায় নির্ধারিত সময়ে ওই প্রতিষ্ঠান তা সরবরাহ করতে ব্যর্থ হয়।

উৎপাদন যাতে দীর্ঘ সময় বন্ধ না থাকে, এজন্য সরাসরি ক্রয়ের সিদ্ধান্ত গৃহীত হয় এবং থাইল্যান্ডের একটি প্রতিষ্ঠানকে অ্যামোনিয়াম নাইট্রেট সরবরাহের জন্য চুক্তিবদ্ধ করা হয়। থাইল্যান্ডের পোর্টে লোড হয়ে আগামী ১০ জুন চট্রগ্রাম পোর্টে ওই বিস্ফোরক দ্রব্যের চালান পৌঁছানোর কথা রয়েছে ।

সামসুর বলেন, সে অনুযায়ী ৩০ জুনের মধ্যে পুনরায় পাথর উত্তোলন করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।  

তিনি বলেন, উৎপাদন কার্যক্রম বন্ধ থাকলেও খনির রক্ষণাবেক্ষণের কাজ চলমান রয়েছে।

এছাড়া আপাতত বাজারে পাথর সরবরাহে বড় ধরনের সংকট তৈরি হবে না বলেও দাবি করেন তিনি।

খনির পাথর উত্তোলন ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম-জিটিসির একটি সূত্র জানিয়েছে, বিস্ফোরকের অভাবে পাথর উত্তোলন বন্ধ থাকলেও খনির অন্যান্য কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

খনি সূত্রে জানা গেছে, বিস্ফোরক সরবরাহে জটিলতার কারণে এর আগেও কয়েক দফা উৎপাদন বন্ধ ছিল। ২০২৫ ও ২০২২ সালেও একই কারণে পাথর উত্তোলন সাময়িকভাবে স্থগিত হয়।

এর আগে ২০১৪ সালে ২২ দিন, ২০১৫ সালে দুই মাস এবং ২০১৮ সালে সাত দিন উৎপাদন বন্ধ ছিল।

দেশের একমাত্র ভূগর্ভস্থ পাথর খনি হিসেবে পরিচিত মধ্যপাড়া খনি ২০০৭ সালের ২৫ মে বাণিজ্যিক উৎপাদন শুরু করে। বর্তমানে খনিতে তিন শিফটে প্রায় সাড়ে ৭০০ শ্রমিক কাজ করছেন।

২০২১ সালের সেপ্টেম্বরে খনি কর্তৃপক্ষ জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম-জিটিসির সঙ্গে ছয় বছরের পুনঃচুক্তি করে।

চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটি প্রতিদিন গড়ে সাড়ে পাঁচ হাজার মেট্রিক টন পাথর উত্তোলন করছে।

Related Articles

Latest Posts