লড়াকু সেঞ্চুরিতে মুমিনুলকে ছাড়িয়ে গেলেন মুশফিক

মোহাম্মদ আব্বাসের বলটা স্কয়ার কাটে থার্ড ম্যান দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে বুনো উদযাপনে ব্যাট ছুড়ে দিলেন মুশফিকুর রহিম, পরে দুহাত উঁচিয়ে ধরলেন। বরাবরের মতো মাথা নত করে সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা জানালেন তিনি। টেস্টে সেঞ্চুরিতে মুমিনুল হককে ছাড়িয়ে এককভাবে বাংলাদেশের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান এখন মুশফিক।

মুশফিকের এই সেঞ্চুরিটা এসেছে চোয়ালবদ্ধ দৃঢ়তায়, ধৈর্যের পরীক্ষায় ও অসম্ভব নিয়ন্ত্রণের ছবি এঁকে। ১৭৮ বলে মুশফিক পান টেস্টে ১৪তম সেঞ্চুরির দেখা।

সকালে নাজমুল হোসেন শান্তর সঙ্গে দিন শুরু করেছিলেন তিনি। মেঘলা আকাশ থাকায় শুরুতে বল মুভ করছিল, ভুগতে থাকা এই অবস্থায় আউট হয়ে যান শান্ত। নিজেকে আরও সতর্ক করে থিতু হতে সময় নেন তিনি। তাড়াহুড়ো না করে এগোতে থাকেন ধীরলয়ে।

আরেক পাশে লিটন দাস সাবলীল গতিতে রান আনতে থাকায় মুশফিকের উপর চাপ পড়েনি। ১২৩ রানের জুটির পর লিটনের বিদায় হলে মেহেদী হাসান মিরাজকে নিয়ে যোগ করেন ৩৪, সেখানেও কেবল ১৩ মুশফিকের।

মিরাজের বিদায়ের পর নিজেই দায়িত্ব নেন রান বাড়ানোর। টেল এন্ডার তাইজুল ইসলামের সঙ্গে অবিচ্ছিন্ন ৬১ রানের জুটিতে বেশিরভাগ রানই তার ব্যাটে।

মুশফিকের সেঞ্চুরিতে ৮৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩৩৪ রান। লিড হয়ে গেছে ৩৮০ রানের।

 

Related Articles

Latest Posts