দীর্ঘ ইনজুরি কাটিয়ে ট্র্যাকে ফেরার পর এবার যেন নিজের পুরোনো ছন্দের আভাস দিলেন ইমরানুর রহমান। ইংল্যান্ডপ্রবাসী বাংলাদেশি স্প্রিন্টার ৪৯তম জাতীয় অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনেই আবারও প্রমাণ করলেন দেশের দ্রুততম মানব তিনিই। একই দিনে নারী বিভাগে নিজের হারানো মুকুট পুনরুদ্ধার করেছেন শিরিন আক্তার।
রোববার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ১০০ মিটার স্প্রিন্টে ইমরানুর ১০.৫৮ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন স্বর্ণপদক। গত বছরের সামার অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের তুলনায় এটি ০.৬ সেকেন্ড দ্রুত সময়। তবে ২০২২ সালে করা তার স্থানীয় সেরা টাইমিং ১০.২৯ সেকেন্ডের চেয়ে এখনো ০.২৯ সেকেন্ড পিছিয়ে আছেন তিনি।
যদিও বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন ইমরানুরের ব্যক্তিগত সেরা টাইমিং হিসেবে ২০২৩ সালে লন্ডনের কুইন এলিজাবেথ অলিম্পিক পার্কে করা ১১.১১ সেকেন্ডকে স্বীকৃতি দেয়।
পুরুষদের ১০০ মিটারে নৌবাহিনীর মোহাম্মদ ইসমাইল ১০.৮৬ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছেন। আর বাংলাদেশ সেনাবাহিনীর নাঈম ইসলাম ১০.৯১ সেকেন্ড সময় নিয়ে পেয়েছেন ব্রোঞ্জ।
অন্যদিকে নারী বিভাগের ১০০ মিটারে ১২.১০ সেকেন্ড সময় নিয়ে আবারও দেশের দ্রুততম নারী হয়েছেন শিরিন আক্তার। গত সামার অ্যাথলেটিকসে সুমাইয়া দেওয়ানের কাছে শিরোপা হারিয়েছিলেন তিনি। এবার আরও ভালো টাইমিং করে নিজের ১৭তম দ্রুততম নারীর খেতাব জিতে নিলেন।
বাংলাদেশ সেনাবাহিনীর শরিফা খাতুন ১২.২৫ সেকেন্ড সময় নিয়ে হয়েছেন রানার্সআপ। একই দলের রাখা আক্তার ১২.৩৪ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন ব্রোঞ্জ।

