মহাখালীতে যুবককে এলোপাতাড়ি গুলি

রাজধানীর মহাখালী এলাকায় এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা।

মহাখালীর পুরোনো কিচেন মার্কেটের সামনে গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ রফিকুল ইসলাম (৪০) মিরপুর ১৪ নম্বরের ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের চুক্তিভিত্তিক (আউট সোর্সিং) কর্মচারী।

তিনি মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) স্টাফ কোয়ার্টারে থাকেন।

রফিকুল ইসলামের বোন রাশেদা বেগম দ্য ডেইলি স্টারকে বলেন, রফিকুল কিচেন মার্কেটের সামনে দাঁড়িয়েছিলেন। সেসময় পাঁচ-ছয়জন মোটরসাইকেলে এসে তাকে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। হামলাকারীদের মধ্যে জাহিদুল নামে একজন ছিলেন।

তিনি বলেন, এখনো আমরা জানি না, কেন আমার ভাইকে গুলি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ডেইলি স্টারকে বলেন, মহাখালী থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে রাতে হাসপাতালে আনা হয়। তার বাঁ ঊরুতে গুলি লেগেছে।

তিনি আরও বলেন, ঢামেকে প্রাথমিক চিকিৎসার পর তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) স্থানান্তর করা হয়।

Related Articles

Latest Posts