কারাবন্দি আ. লীগ নেতার মৃত্যু

রাজধানীতে কারাবন্দি এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার সকালে ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফারুক আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত সুলতান মিয়া (৬৭) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড শাখার সভাপতি ছিলেন।

সিনিয়র জেল সুপার ফারুক আহমেদ বলেন, কারাগারে অসুস্থ হওয়ার পর গত ২৪ এপ্রিল সুলতানকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

তিনি বলেন, জুলাই আন্দোলন-সংক্রান্ত একটি মামলায় তিনি কারাগারে ছিলেন।

সুলতান মিয়ার ছেলে ফিরোজ আহমেদ ডেইলি স্টারকে জানান, ২০২৪ সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর সুলতান মিয়া নিজ বাসায় ছিলেন এবং অন্তর্বর্তী সরকার মেয়র ও কাউন্সিলরদের অপসারণের আগ পর্যন্ত দায়িত্ব পালন করে আসছিলেন।

তিনি বলেন, ২০২৪ সালের ১৮ অক্টোবর পল্টন থানার একটি মামলায় অজ্ঞাতপরিচয় আসামি হিসেবে বাবাকে বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আরও ৯টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

তিনি আরও বলেন, ঈদের আগে ৯টি মামলায় বাবা জামিন পান। আমরা তার মুক্তির অপেক্ষায় ছিলাম। পরে আইনশৃঙ্খলা বাহিনী তাকে রামপুরা থানার আরেকটি মামলায় গ্রেপ্তার দেখায়।
 

Related Articles

Latest Posts