রাজশাহীতে দ্য ডেইলি স্টারের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। চট্টগ্রাম, খুলনা ও বরিশালের পর এটি ছিল মাসব্যাপী বিভাগীয় কর্মসূচির চতুর্থ আয়োজন।
আজ শুক্রবার বিকেল ৪টার দিকে রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
এরপর মহান মুক্তিযুদ্ধের শহীদ এবং ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন ও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনামের সঙ্গে রাজশাহী বিভাগের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী, স্থানীয় সাংবাদিক, শিক্ষাবিদ ও শিক্ষার্থীরা।
আয়োজনে স্বাগত বক্তব্য দেন দ্য ডেইলি স্টারের রাজশাহী সংবাদদাতা সোহানুর রহমান রাফি।
অনুষ্ঠানে গত ডিসেম্বরে দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনা নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
গত ২৪ ও ২৫ এপ্রিল দ্য ডেইলি স্টারের ঢাকা কার্যালয়ে আয়োজিত কেন্দ্রীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের ধারাবাহিকতায় এসব আঞ্চলিক আয়োজন করা হচ্ছে।

