মাঠে পড়ে ছিল বোর্ডফেরত এসএসসির ৫০ উত্তরপত্র

ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড়মাঠ থেকে চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ৫০টি উত্তরপত্র উদ্ধার করেছে পুলিশ।

মাঠের উত্তর-পূর্ব কোণে শহীদ মিনারের পাশ থেকে গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের উত্তরপত্রের একটি বান্ডিল উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কয়েকজন যুবক মাঠে ঘোরাঘুরির সময় পরিত্যক্ত অবস্থায় খাতাগুলো দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা গত ৫ মে অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব মোতাহার উল আলম ডেইলি স্টারকে বলেন, ‘পরীক্ষা শেষে উত্তরপত্র বোর্ডে পাঠানো হয় এবং পরে মূল্যায়নের জন্য সংশ্লিষ্ট শিক্ষকদের কাছে সরবরাহ করা হয়।’

বৃহস্পতিবার দিনাজপুর শিক্ষাবোর্ড থেকে ওই বিষয়ের উত্তরপত্র পরীক্ষকদের মধ্যে বিতরণ করা হয়েছিল বলে জানান তিনি।

কেন্দ্রসচিব বলেন, ‘অসাবধানতাবশত খাতাগুলো পড়ে যেতে পারে। তবে যার দায়িত্বে খাতাগুলো ছিল, তার আরও সতর্ক থাকা উচিত ছিল।’

ওসি মনির হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ বিদ্যালয়ের মাঠ থেকে উত্তরপত্রের বান্ডিলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ৫০টি উত্তরপত্র পুলিশ হেফাজতে রাখা হয়েছে।’

দিনাজপুর শিক্ষাবোর্ডের সচিবের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয়েছে বলে জানান তিনি।

জানতে চাইলে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সরদার মোস্তফা শাহীন বলেন, ‘উত্তরপত্রগুলো কার দায়িত্বে ছিল, কীভাবে মাঠে গেল, তা তদন্তে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।’

Related Articles

Latest Posts