বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বন্ধ থাকা কারখানাগুলো আবার চালু ও নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, বৈঠকটি দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলে।
তিনি আরও বলেন, নয়াপল্টনে মে দিবসের শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, বন্ধ থাকা মিল-কারখানাগুলো আবারও খুলে দেওয়া হবে এবং শ্রমিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। আজকের বৈঠকে সেই বিষয়েই বিস্তারিত আলোচনা হয়েছে।
বৈঠকে বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবীর রিজভী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

