বিএনপি মনোনীত মাধবী মার্মার প্রার্থিতার বিরুদ্ধে ইসিতে আপিল

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাধবী মার্মার মনোনয়নের বৈধতা নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক চন্দ্রা চাকমা।

চন্দ্রা চাকমার অভিযোগ, মাধবী মার্মা বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য। তিনি এ পদে থেকে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে পারেন না।

আজ রোববার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের মনোনয়নপত্রের বিরুদ্ধে আপিল জমা নেওয়া হয়।

দুপুরে মাধবী মার্মার বিরুদ্ধে আপিল জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চন্দ্রা চাকমা। তিনি বলেন, ‘বান্দরবান জেলা পরিষদের সদস্য মাধবী মারমা লাভজনক পদে থেকে পদত্যাগ না করে গত ২১ এপ্রিল জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। আইনগতভাবে এ মনোনয়নপত্র অবৈধ।’

চন্দ্রা চাকমা জানান, তিনিও সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্য বিএনপির পক্ষ থেকে মনোনয়ন নিয়েছিলেন। তিনি ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক।

চন্দ্রা চাকমা বলেন, ‘মাধবী মার্মা পদত্যাগ করেননি। ফলে তিনি জেলা পরিষদের আইন যেমন লঙ্ঘন করেছেন, তেমনি নির্বাচন কমিশনের আইনও লঙ্ঘন করেছেন।’

তবে চন্দ্রা চাকমার অভিযোগ অস্বীকার করে মাধবী মার্মার দাবি, তিনি গত ২০ এপ্রিল বান্দরবান জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।

আজ দুপুরে মাধবী দ্য ডেইলি স্টারকে বলেন, “আমি ইতোমধ্যে ওই পদ থেকে পদত্যাগ করেছি এবং এটার কপি সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর কাছে দেওয়া হয়েছে।’

নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় পদত্যাগের বিষয়টি উল্লেখ করেছেন কি না, জানতে চাইলে মাধবী মার্মা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘নির্বাচন কমিশনের মনোনয়নপত্রের আবেদনে এই ধরনের তথ্যের ঘর উল্লেখ ছিল না। আবেদনের ফরমে এই অপশন ছিল না।’

এদিকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কর্তৃপক্ষ জানায়, গত ২০ এপ্রিল মাধবী মার্মা তার পদত্যাগপত্র জমা দেন। তবে সেই পদত্যাগ পত্রটি আজ রোববার তারা গ্রহণ করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুহা. আবুল মনসুর দ্য ডেইলি স্টারকে জানান, মাধবী মার্মা তার সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।

কবে পদত্যাগ করেছেন জানতে চাইলে মুহা. আবুল মনসুর বলেন, ‘তার পদত্যাগের কপি আজ আমি হাতে পেয়েছি।’

গত ৮ এপ্রিল সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল গত ২১ এপ্রিল।

এর আগে, গত ২০ এপ্রিল বিএনপি সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্য ৩৬ জনকে মনোনয়ন দেয়। এই তালিকায় আছেন মাধবী মার্মা।

Related Articles

Latest Posts