ইউক্রেনের ড্রোন হামলায় মৌলভীবাজারের যুবক নিহত

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় থাকা এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, তিনি রুশ সামরিক বাহিনীর সঙ্গে কাজ করতেন।

নিহত যুবকের নাম মুহিবুর রহমান। তার বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের সম্পদপুর গ্রামে।

আমতৈল ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. ইকবাল আহমেদ পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মুহিবুর প্রথমে উচ্চশিক্ষার জন্য মেক্সিকোতে গিয়েছিলেন। কিন্তু সেখানে ভিসা বাতিল হয়ে গেলে তিনি রাশিয়ায় চলে যান এবং গত কয়েক বছর ধরে সেখানেই বসবাস করছিলেন।

মুহিবুরের ছোট ভাই হাবিবুর রহমান জানান, তার ভাই পরিবারের সদস্যদের বলেছিলেন যে তিনি রুশ সেনাবাহিনীর রাঁধুনি হিসেবে কাজ করতেন। গত বছর তিনি বাংলাদেশে ফিরে বিয়ে করেন এবং কিছুদিন পর আবার রাশিয়ায় চলে যান।

হাবিবুর আরও জানান, রাশিয়ায় থাকা তার ভাইয়ের এক সহকর্মী মেহেদী হাসান পরিবারকে মৃত্যুর খবর জানিয়েছেন। মেহেদী জানান, প্রায় এক সপ্তাহ আগে একটি বাঙ্কারে ইউক্রেনের ড্রোন হামলায় মুহিবুর নিহত হন।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, গত শুক্রবার পরিবার মৃত্যুর খবর পেলেও গতকাল রাতে বিষয়টি ব্যাপকভাবে জানাজানি হয়। প্রতিবেশীরাও মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তবে ঠিক কবে বা কখন এই ঘটনা ঘটেছে, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

আমতৈল ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোশাহিদ হোসেন বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকেই তিনি ঘটনাটি জেনেছেন।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ইউপি চেয়ারম্যানের মাধ্যমে তিনি ঘটনাটি সম্পর্কে জানতে পারেন।

তার স্বজনেরা তার লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। মুহিবুর রহমান তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। পরিবারের সদস্যকে হারিয়ে স্বজনরা এ ব্যাপারে আর কথা বলতে চাননি।

Related Articles

Latest Posts