বিএনপির অর্থনৈতিক পরিকল্পনায় সমঝোতার কোনো সুযোগ নেই, এস আলম প্রশ্নে অর্থমন্ত্রী

ঋণখেলাপের দায়ে অভিযুক্ত এস আলম গ্রুপের সঙ্গে সমঝোতার কোনো সুযোগ বিএনপির অর্থনৈতিক পরিকল্পনায় নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ মঙ্গলবার জাতীয় সংসদে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী।

হাসনাত প্রশ্ন করেন, এস আলম গ্রুপ ও বেক্সিমকো গ্রুপের ঋণ পুনরুদ্ধারে সরকারের কোনো পরিকল্পনা আছে কি না এবং এস আলম গ্রুপের সঙ্গে সরকারের কোনো সমঝোতা হয়েছে কি না।

জবাবে অর্থমন্ত্রী আমীর খসরু বলেন, ‘বিএনপির রাজনীতি ও কার্যক্রমে কারও সঙ্গে সমঝোতার কোনো সুযোগ নেই। আমি পরিষ্কারভাবে বলতে চাই, বিএনপি যতবার সরকারে এসেছে, ফিনান্সিয়াল ডিসিপ্লিন নিয়ে কোনো প্রশ্ন আসেনি, ম্যাক্রো ইকোনোমিক স্ট্র্যাটেজি ও স্ট্যাবিলিটি নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি, শেয়ারবাজার লুটপাট নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি।’

‘সুতরাং নিশ্চিত থাকেন বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক পরিকল্পনায় সমঝোতার কোনো সুযোগ নাই। যারা ব্যাংক থেকে টাকা নিয়ে পালিয়ে গেছে, সবার বিরুদ্ধে মামলা হয়েছে,’ বলেন মন্ত্রী।

বিদেশে সম্পদ উদ্ধার প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিদেশে ওই প্রতিষ্ঠানগুলোর সম্পদ খুঁজে বের করতে আন্তর্জাতিক ল ফার্ম নিয়োগ করা হয়েছে। বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধার একটি জটিল ও দীর্ঘমেয়াদি আইনি প্রক্রিয়া। সংশ্লিষ্ট দেশগুলো থেকে সাড়া পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে অর্থ ফিরিয়ে আনা সম্ভব হবে।’

অর্থমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, ‘আইনি বা বিচারিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত, বর্তমান বা পরবর্তী অর্থবছরে এস আলম গ্রুপ ও বেক্সিমকো গ্রুপের কত টাকা ও সম্পদ উদ্ধার করা সম্ভব হবে, তা সঠিকভাবে মূল্যায়ন করা সম্ভব নয়। তবে বিদ্যমান আইনি ব্যবস্থার অধীনে সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং এই জোরালো প্রচেষ্টা চলতেই থাকবে।’

উল্লেখ্য, এস আলম গ্রুপের পাচার অর্থ উদ্ধারে ৪ দেশে (ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, সাইপ্রাস, জার্সি ও সিঙ্গাপুর) এবং বেক্সিমকো গ্রুপের জন্য ২ দেশে (যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাত) সরকারের পক্ষ থেকে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠানো হয়েছে।

Related Articles

Latest Posts