যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা নাকচ করে দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর কথা বিবেচনা করছেন না। এবিসি নিউজের সংবাদদাতা জোনাথন কার্ল এমনটি বলেছেন।

আজ বুধবার আল জাজিরার প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

কার্ল জানান, মার্কিন প্রেসিডেন্ট একটি সাক্ষাৎকারের সময় ইঙ্গিত দিয়েছেন যে এই সংঘাতের সমাধান আসন্ন। ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, আপনারা সামনে চমৎকার দুটি দিন দেখতে যাচ্ছেন।’

ট্রাম্প উল্লেখ করেন, যুদ্ধ ‘যেকোনোভাবেই শেষ হতে পারে।’ তবে একটি কূটনৈতিক সমাধানে জোর দিয়েছেন তিনি।

প্রেসিডেন্ট কার্লকে বলেন, ‘আমি মনে করি একটি চুক্তিই শ্রেয়, কারণ এর ফলে তারা যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারবে।’

‘তাদের এখন সত্যিই একটি ভিন্ন শাসনব্যবস্থা রয়েছে। যাই হোক না কেন, আমরা উগ্রপন্থীদের নির্মূল করেছি। তারা চলে গেছে, এখন আর আমাদের সঙ্গে নেই।’

এদিকে ফক্স বিজনেস অ্যাঙ্কর মারিয়া বার্টিরোমোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি এটি (যুদ্ধ) শেষের কাছাকাছি।’

তিনি আরও যোগ করেন, ‘আমি যদি এখনই সব গুটিয়ে চলে আসি, তবে মেরামতের কাজে দেশটির ২০ বছর সময় লাগবে। আর আমাদের কাজ এখনো শেষ হয়নি। দেখা যাক কী হয়। আমার মনে হয় তারা চুক্তি করার জন্য মরিয়া হয়ে আছে।’

গত ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা চালায়। জবাবে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালানো শুরু করে ইরান।

এই সংঘাত বন্ধে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদলের মধ্যে বৈঠক হলেও কোনো সমাধান আসেনি। চলতি সপ্তাহে আরও এক দফায় আলোচনার কথা চলছে। দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ ২১ এপ্রিল শেষ হবে।

 

Related Articles

Latest Posts