জ্বালানি ঘাটটিতে গতকাল থেকে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকার বর্জ্য অপসারণ কার্যক্রম সাময়িক ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) কর্মকর্তারা।
আজ বুধবার নাসিকের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, জ্বালানি তেলের ঘাটতিতে নগরীর প্রত্যেক ওয়ার্ডে ডাম্পিংয়ের ময়লা অপসারণ কার্যক্রম সাময়িকভাবে বিঘ্নিত হচ্ছে।
জানতে চাইলে নাসিকের ফুড অ্যান্ড স্যানিটেশন কর্মকর্তা আলমগীর হিরণ দ্য ডেইলি স্টারকে জানান, শহরের বিভিন্ন এলাকার বর্জ্য অপসারণ কার্যক্রম সাময়িক ব্যাহত হচ্ছে। তবে, পরিস্থিতি স্বাভাবিক হলেই দ্রুত নিয়মিত বর্জ্য অপসারণ কার্যক্রম পুনরায় চালু করা হবে।
এদিকে নগরবাসীর এই ভোগান্তির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সিটি করপোরেশন।
আজ শহর ঘুরে বঙ্গবন্ধু সড়ক, নবাব সলিমউল্লাহ সড়ক, শায়েস্তা খাঁ সড়ক ও নবাব সিরাজদ্দৌল্লা সড়কসহ বিভিন্ন এলাকার সড়কের পাশে আবর্জনা পড়ে থাকতে দেখা গেছে।
এ বিষয়ে নাসিকের পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তা শ্যামল পাল জানান, ‘জ্বালানি সংকটের কারণে সিটি করপোরেশনের ট্রাক চলাচল বন্ধ রাখতে হয়েছে। তাই নির্ধারিত সময়ে বর্জ্য অপসারণ করা সম্ভব হয়নি। এজন্য আমাদের কর্মীরা সড়কগুলো পরিষ্কার করতে পারেননি।’
বর্জ্য অপসারণে নগরবাসীর সহযোগিতা কামনা করেছে নাসিক কর্তৃপক্ষ।

