বিমানবন্দরে টাকাসহ আটক জামায়াত নেতা সিসিইউতে

সৈয়দপুর বিমানবন্দর থেকে টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুকের ব্যথা ও শারীরিক জটিলতা দেখা দেওয়ায় তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. হরিপদ রায় বলেন, ‘ইসিজিতে কিছু অস্বাভাবিকতা পাওয়া গেছে। তিনি ডায়াবেটিসসহ একাধিক রোগে ভুগছেন। প্রয়োজনীয় পরীক্ষা চলছে।’

তার চিকিৎসায় যুক্ত রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. আজহারুল ইসলাম বলেন, ‘তিনি এখনো শঙ্কামুক্ত নন। প্রাথমিকভাবে হার্ট অ্যাটাকের লক্ষণ রয়েছে। পূর্ণাঙ্গ রিপোর্ট পেলে এনজিওগ্রামের প্রয়োজন আছে কি না সিদ্ধান্ত নেওয়া হবে।’

আজ বুধবার সকালে সৈয়দপুর বিমানবন্দরে সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে টাকাসহ আটক করে পুলিশ।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে বিকেলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে জানান নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।

তিনি বলেন, তার কাছ থেকে ৭৪ লাখ টাকা জব্দ করা হয়েছে। জব্দ করা অর্থ ও সংশ্লিষ্ট নথিপত্র যাচাই-বাছাই চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং বিষয়টি ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির কাছে পাঠানো হবে।

এদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বেলাল উদ্দিন প্রধানকে দেখতে গিয়ে রংপুর মহানগর জামায়াতের সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল দাবি করেন, ‘তিনি ব্যবসায়ীও। ব্যবসায়িক প্রয়োজনে টাকা বহন করছিলেন এবং নিয়ম মেনেই তা পরিবহন করা হচ্ছিল।’

তিনি আরও অভিযোগ করেন, ‘জিজ্ঞাসাবাদের সময় মানসিক চাপ প্রয়োগের কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন।’

Related Articles

Latest Posts