সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। অনিশ্চয়তা কাটিয়ে ম্যাচ হওয়ায় হাইভোল্টেজ ম্যাচ ঘিরে শ্রীলঙ্কার কলম্বোতে ক্রিকেট ভক্তদের ঢল নেমেছে। হাজার হাজার দর্শকের আগমনে শহরটির হোটেল ভাড়া ও বিমান টিকিটের দাম কয়েকগুণ বেড়ে গেছে।
যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কার এই টুর্নামেন্টে গ্রুপ পর্বের এই ম্যাচ নিয়ে শুরুতে অনিশ্চয়তা ছিল। তবে পাকিস্তান শেষ মুহূর্তে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসায় লড়াইটি চূড়ান্ত হয়।
কলম্বোর বড় স্টেডিয়ামের প্রায় ৩৫ হাজার টিকিটের সবকটি এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। বুকিং সাইটগুলো বলছে, চাহিদার কারণে হোটেলের কক্ষ ভাড়া ১০০-১৫০ ডলার থেকে বেড়ে এখন ৬৬০ ডলারে পৌঁছেছে।
কলম্বোর ট্রাভেল এজেন্সিগুলো জানিয়েছে, চেন্নাই ও দিল্লির মতো শহর থেকে আসা ফ্লাইটগুলো এখন পুরোপুরি ভর্তি। চেন্নাই থেকে কলম্বোর বিমান ভাড়া তিনগুণ বেড়ে প্রায় ৭৫৬ ডলার এবং দিল্লি থেকে ভাড়া ৫০ শতাংশ বেড়ে ৬৬৬ ডলারে দাঁড়িয়েছে।
শ্রীলঙ্কা ইনবাউন্ড ট্যুর অপারেটরসের প্রেসিডেন্ট নলিন জয়সুন্দরা জানান, অধিকাংশ ভক্তই অল-ইনক্লুসিভ প্যাকেজে আসছেন। টিকিট, হোটেল ও বিমান ভাড়া মিলিয়ে এই প্যাকেজের খরচ ১,৫০০ থেকে ২,০০০ ডলার পর্যন্ত হচ্ছে।
আর্থিক সংকট ও প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে উঠতে থাকা শ্রীলঙ্কার জন্য এই আয়োজন বড় স্বস্তি। এই দ্বীপ রাষ্ট্রটি নিজেকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দেশগুলোর ম্যাচের জন্য একটি নিরপেক্ষ ভেন্যু হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে।
তিনি বলেন, ‘এটি নিরপেক্ষ ক্রিকেট ভেন্যু হিসেবে শ্রীলঙ্কার ওপর আস্থার বিষয়টি স্পষ্টভাবে ফুটিয়ে তুলছে। ভারত, পাকিস্তান বা বাংলাদেশ—যেই হোক না কেন, এটি সব দক্ষিণ এশীয় দেশের জন্য একটি ইতিবাচক বার্তা যে তারা শ্রীলঙ্কায় ক্রিকেট খেলতে পারে।’
লাহোরের স্থানীয় বাসিন্দা মিয়ান সুলতান খেলা দেখার জন্য শ্রীলঙ্কা সফরের অপেক্ষায় আছেন।
নিউজিল্যান্ড থেকে আসা এক বন্ধুর সঙ্গে সামনের সারিতে বসে খেলা দেখার জন্য ৮০০ ডলার খরচ করে টিকিট কেনা সুলতান বলেন, ‘আমার মনে হয় এটি একটি দুর্দান্ত অভিজ্ঞতা হতে চলেছে। আমি এই ম্যাচটি নিয়ে সত্যিই খুব উত্তেজিত।’

