ইসরায়েলে নতুন সরকার গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর দর-কষাকষির পাশাপাশি দেশটির রাজনীতিতে এখন আরেকটি বিষয় নিয়ে জোর আলোচনা চলছে। সেটি হলো যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের দলের পরাজয় এবং সেই পরাজয়ে ইসরায়েলের ভূমিকা কতটা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রিপাবলিকান পার্টির বড় পরাজয় ইসরায়েলের অনেককে, বিশেষ করে দেশটির ডানপন্থি রাজনীতিকদের ভাবিয়ে তুলেছে। ওয়াশিংটনে তাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ব্যক্তিরা ভোটারদের কাছে এভাবে প্রত্যাখ্যাত হবেন, তা অনেকের কাছেই বিস্ময়কর।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বরাবরই দাবি করে এসেছেন, ট্রাম্পের কাছ থেকে অবিচল সমর্থন আদায় করে নেওয়ার ক্ষেত্রে তার চেয়ে যোগ্য আর কেউ নেই। অথচ গত বছর হোয়াইট হাউসে ফিরে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি এমন কোনো ‘বোকামিপূর্ণ বিদেশি যুদ্ধে’ জড়াবেন না, যার কোনো শেষ নেই।
কিন্তু ফেব্রুয়ারির শেষ দিকে ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান চালানোর নির্দেশ দেন। জবাবে ইরান তাৎক্ষণিক পাল্টা হামলা চালায় এবং পুরো অঞ্চলে বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়।
নতুন করে সংঘাত শুরুর আশঙ্কার মধ্যেই গত মঙ্গলবারের মার্কিন কংগ্রেস নির্বাচন এবং গত সপ্তাহের ইসরায়েলি পার্লামেন্ট নির্বাচনের আগে দুই নেতা একে অপরের প্রতি জোরালো সমর্থন জানান। নিজ নিজ দেশের ভোটারদের প্রতি তারা আহ্বান জানান, যেন তাদের মিত্রকে সমর্থন দিতে সবাই ভোটকেন্দ্রে যান।
কিন্তু তাদের সেই চেষ্টা কোনো কাজেই আসেনি, বরং উল্টো ফল দিয়েছে।
গত ২৭ অক্টোবরের নির্বাচনে নেতানিয়াহুর ডানপন্থি জোট পেয়েছে মাত্র ৫৩টি আসন, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের চেয়ে অনেক কম। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্র্যাটদের কাছে প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষেরই নিয়ন্ত্রণ হারিয়েছে ট্রাম্পের দল। টেক্সাস ও কানসাসের মতো রিপাবলিকানদের শক্ত ঘাঁটিতেও বড় অগ্রগতি পেয়েছে ডেমোক্র্যাটরা।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের অধ্যাপক ও ক্রিটিক্যাল ইস্যুজ পোলের পরিচালক শিবলি তেলহামি বলেন, ‘আমরা স্পষ্টতই ঐতিহাসিক এক রাজনৈতিক সুনামি দেখেছি, যা ট্রাম্পবাদকে পুরোপুরি প্রত্যাখ্যানের শামিল। তাই এটি কেবল একটি ইস্যুতে সীমাবদ্ধ নয়।’
তিনি আরও বলেন, ‘তবে পররাষ্ট্রনীতি এখানে বড় ভূমিকা রেখেছে, বিশেষ করে ইরান যুদ্ধ এবং ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন। কারণ, মার্কিন ভোটাররা এসব বিষয়কে তাদের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে মিলিয়ে দেখছেন।’
যুক্তরাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে বড় কূটনৈতিক ও সামরিক মিত্র। বছরের পর বছর ধরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইসরায়েলের সমালোচনা করে আনা বহু প্রস্তাবে ভেটো দিয়েছে ওয়াশিংটন। গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা বন্ধের আহ্বান জানানো কয়েকটি প্রস্তাবও এর মধ্যে রয়েছে।
একইসঙ্গে ইসরায়েলকে প্রতিবছর অন্তত ৩৮০ কোটি ডলারের সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এই সহায়তার মাধ্যমে ইসরায়েল অত্যাধুনিক মার্কিন অস্ত্র সংগ্রহ করে, যা পুরো অঞ্চলে দেশটির সামরিক আধিপত্য বজায় রাখতে ভূমিকা রেখেছে। তবে এই সহায়তার রাজনৈতিক মাশুল দিন দিন বাড়ছে।
এক সপ্তাহ আগে তেলহামির তত্ত্বাবধানে করা এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের অধিকাংশ মানুষ মনে করেন—ইরানের বিরুদ্ধে ব্যয়বহুল ও দীর্ঘস্থায়ী যুদ্ধ শুরুর সিদ্ধান্তে ট্রাম্প প্রশাসনকে প্ররোচিত করেছে নেতানিয়াহু প্রশাসন।
তেলহামির মতে, ওয়াশিংটন ও তেল আবিবের ঘনিষ্ঠ সম্পর্ক এখন মার্কিন ভোটারদের একটি বড় অংশের কাছে সম্পদ না হয়ে দায় হয়ে উঠেছে। তিনি বলেন, ‘অধিকাংশ মানুষ বলেছেন, ভোট দেওয়ার ক্ষেত্রে ইসরায়েল একটি বিবেচ্য বিষয় হবে। আরও বড় একটি অংশ বলেছেন, ইরান যুদ্ধ তাদের ভোটের সিদ্ধান্তে প্রভাব ফেলবে। আর এই যুদ্ধের সঙ্গে তারা ইসরায়েলকে যুক্ত করছেন।’
মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় স্বীকার করে নিয়েছেন ট্রাম্প। জ্বালানির দামের ওপর প্রভাব ফেলায় ইরান যুদ্ধ যে আংশিকভাবে তার দলের পরাজয়ের জন্য দায়ী, সে কথাও অনিচ্ছাসত্ত্বে মেনে নিয়েছেন তিনি। তবে নিজের নির্বাচনী পরাজয়ের পর থেকেই ফলাফল নিয়ে প্রশ্ন তুলছেন নেতানিয়াহু।
গত এক সপ্তাহে লিকুদ পার্টির নেতা নেতানিয়াহু একতরফা অভিযোগ তুলেছেন, বিদেশি শক্তিগুলো অবৈধভাবে ইসরায়েলের আরব নেতৃত্বাধীন দলগুলোর ভোট বাড়িয়ে দিয়েছে। ইহুদি ভোটারদের মধ্যে নিজের দলের জয়কে জাতীয় সরকার গঠনের ভিত্তি হিসেবেও তুলে ধরেছেন তিনি।
২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হারার পর ট্রাম্প যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন, ঠিক একই কায়দায় নেতানিয়াহুও নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে অনুমোদন না করার হুমকি দিয়েছেন।
তবে ইসরায়েলে সরকার গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর দর-কষাকষি শুরু হওয়ার পাশাপাশি দেশটির রাজনৈতিক নেতৃত্বকে এখন ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্রের পরাজয় এবং সেই পরাজয়ে নিজেদের সম্ভাব্য ভূমিকা নিয়েও ভাবতে হচ্ছে।
বুধবার ইসরায়েলের বিরোধী নেতা ইয়ার লাপিদ বলেন, নির্বাচনের পর নেতানিয়াহুর নেওয়া প্রায় প্রতিটি পদক্ষেপই তাকে রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য করে তুলেছে। এর মধ্যে আরব দলগুলোর নেতাদের বিরুদ্ধে তদন্ত করতে অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতকে নির্দেশ দেওয়ার বিষয়টিও রয়েছে। যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফলের সঙ্গে মিলিয়ে দেখলে এসব পদক্ষেপের রাজনৈতিক প্রভাব আরও স্পষ্ট হয় বলে মনে করেন তিনি।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রে ভোট গ্রহণ চলার মধ্যেই এক টেলিভিশন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, নেতানিয়াহুর সঙ্গে তার একটি সমঝোতা হয়েছে। ২০২৬ সালের শেষ নাগাদ ইসরায়েলকে বছরে ‘৪০০ কোটি ডলার’ অর্থায়ন আর দেবে না যুক্তরাষ্ট্র।
এ বিষয়ে বিস্তারিত তথ্য না পাওয়া গেলেও ট্রাম্পের মন্তব্যের সময় নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, ইসরায়েলের প্রতি প্রশাসনের সমর্থন নিয়ে মার্কিন জনগণের ক্ষোভ এবং দেশের ভেতরের অর্থনৈতিক চাপের মুখে সেই ক্ষোভ প্রশমনের চেষ্টা থেকেই তিনি এমন কথা বলেছেন।
ইসরায়েলি সরকারের সাবেক উপদেষ্টা ড্যানিয়েল লেভি আল জাজিরাকে বলেন, যুক্তরাষ্ট্রে যে গভীর পরিবর্তন ঘটছে, তার ব্যাপকতা মেনে নিতে এখনো অনীহা রয়েছে ইসরায়েলের ভেতরে।
তিনি বলেন, মধ্যবর্তী নির্বাচনে ইসরায়েল সরাসরি মূল ইস্যু না হলেও নেতানিয়াহু ও ট্রাম্পের সম্পর্ককে মানুষ যেভাবে দেখছে, তাতে মনে হচ্ছে ‘ছোট মিত্রই যেন বড় শক্তিকে ঘোরাচ্ছে’।
লেভির ভাষ্য, ‘সবচেয়ে স্পষ্ট প্রভাব পড়েছে ইরান যুদ্ধের কারণে। এর একটি দিক হলো, ইসরায়েলের ভূমিকার কারণে সহজেই প্রভাবিত হওয়া একজন প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যে আরেকটি বিপর্যয়কর সামরিক অভিযানে জড়িয়ে পড়েছেন।’
তার মতে, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ শুরু করার রাজনৈতিক মাশুল সম্পর্কে মার্কিন জনগণকে আরও স্পষ্ট ধারণা দিয়েছে।
আন্তর্জাতিক অঙ্গনে ক্রমবর্ধমান বিচ্ছিন্নতার মুখে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের অকুণ্ঠ সমর্থনে ভাটা পড়তে পারে। দেশটির বিরোধী নেতাদের সরকার গঠনের সম্ভাব্য জোট নিয়ে আলোচনায় এ বিষয়টিও বিবেচনায় রাখতে হতে পারে।
লেভি মনে করেন, মার্কিন ডেমোক্রেটিক পার্টির একাংশের কাছে নেতানিয়াহু অগ্রহণযোগ্য হলেও ট্রাম্পের সঙ্গে তার ঘনিষ্ঠতা ইরানের বিরুদ্ধে যুদ্ধ আরও বাড়ানোর রাজনৈতিক সুযোগ করে দিতে পারে। আর তেমন কোনো পদক্ষেপ নিলে তার পরিণতিতে নেতানিয়াহু আবারও রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে আসতে পারেন।
তিনি বলেন, ‘এখন সেই উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে নেতানিয়াহুর অবস্থান দুর্বল হবে। তবে সম্ভাবনাটি পুরোপুরি উড়িয়ে দেওয়া ঠিক হবে না, বিশেষ করে যখন নেতৃত্বে রয়েছেন রাজনৈতিকভাবে কোণঠাসা ট্রাম্প।’
নিউইয়র্কে ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত ও কনসাল জেনারেল অ্যালোন পিঙ্কাসের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ক এখন ‘একটি গুরুত্বপূর্ণ বাঁকবদলের’ মুখে। এর পরিণতি সম্পর্কে ইসরায়েলের বড় একটি অংশের ধারণা বা বোঝাপড়া—কোনোটিই যথেষ্ট নয়।
পিঙ্কাস বলেন, অনেক কিছুই নির্ভর করবে ইরান যুদ্ধ এবং নির্বাচনে নিজের ও নীতির বিরুদ্ধে আসা বড় প্রত্যাখ্যানের পর ট্রাম্প কী প্রতিক্রিয়া দেখান, তার ওপর। তিনি সংঘাত আরও বাড়াতে পারেন, আবার কংগ্রেসকে সন্তুষ্ট করতে কোনো সমঝোতার পথও খুঁজতে পারেন।
তবে যে পথই বেছে নেওয়া হোক, তার মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভবিষ্যৎ সম্পর্কের ভিত্তি মৌলিকভাবে বদলে গেছে।
পিঙ্কাস বলেন, ‘৩৮০ কোটি ডলারের অনুদান বন্ধের বিষয়টি মার্কিন জনগণকে সন্তুষ্ট করার কোনো দেওয়া-নেওয়ার সমঝোতা ছিল কি না, তা নিয়ে নানা জল্পনা রয়েছে। কিন্তু এই অনুদানের সঙ্গে যুক্ত অস্ত্র পাওয়ার সুযোগের বিষয়ে কোনো কথা বলা হয়নি।’
তিনি আরও বলেন, ‘অর্থ ছাড়া হয়তো ইসরায়েল চলতে পারবে, কিন্তু অস্ত্রের ওপর তাদের নির্ভরতা রয়েছে। অথচ এ বিষয়ে কিছুই বলা হয়নি। ভবিষ্যৎ কৌশলগত চুক্তি নিয়েও কোনো আলোচনা হয়নি। সবকিছুই এখন অনিশ্চিত।’

