শেষ দুই ম্যাচে গোল না পাওয়ায় অপেক্ষা কিছুটা বেড়েছিল। তবে এক ম্যাচেই তিন গোল করে সেই দূরত্ব অনেকটা কমিয়ে আনলেন ক্রিস্তিয়ানো রোনালদো। মাত্র ১৫ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক করে আল-নাসরকে এনে দিলেন দারুণ এক জয়। সেই সঙ্গে নিজের ক্যারিয়ারের গোলসংখ্যা নিয়ে গেলেন ৯৮৫-তে। ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ১,০০০ গোলের মাইলফলক স্পর্শ করতে আর মাত্র ১৫ গোলের অপেক্ষা।
বৃহস্পতিবার সৌদি প্রো লিগে আল খুলুদের বিপক্ষে ৫-৩ গোলে জিতেছে আল-নাসর। প্রথমার্ধে পিছিয়ে পড়লেও বিরতিতে ২-২ সমতায় ছিল রোনালদোর দল। কিন্তু দ্বিতীয়ার্ধে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন পর্তুগিজ অধিনায়ক। ৬৬, ৭২ ও ৮১ মিনিটে গোল করে পূর্ণ করেন ক্যারিয়ারের ৬৭তম হ্যাটট্রিক।
রোনালদোর তিন গোলের আগে অবশ্য ম্যাচটা মোটেও সহজ ছিল না আল-নাসরের জন্য। ১৬ মিনিটে জুলিয়েন দোমিঙ্গেসের গোলে এগিয়ে যায় আল খুলুদ। আবদুল রহমান আল দাওসারির ক্রস থেকে গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড। তবে আট মিনিট পরই সমতায় ফেরে আল নাসর। জোয়াও ফেলিক্সের পাস থেকে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল।
৩৮ মিনিটে সাদিও মানের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকেরা। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ে আবারও সমতায় ফেরে আল খুলুদ। এবার গোল করেন আন্তোয়ান এসোম্বা। ফলে ২-২ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে শুরু হয় রোনালদোর গোলের উৎসব। ৬৬ মিনিটে ফেলিক্সের বাড়ানো বলে কাছ থেকে গোল করে আল নাসরকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন রোনালদো। ছয় মিনিট পর আবারও ফেলিক্সের পাস। এবার হেডে বল জালে পাঠিয়ে ব্যবধান ৪-২ করেন পর্তুগিজ তারকা।
৮১ মিনিটে আসে অপেক্ষার তৃতীয় গোলটি। মানের পাস থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো। মাত্র ১৫ মিনিটের মধ্যে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেন তিনি। যোগ করা সময়ে পেনাল্টি থেকে আল খুলুদের হয়ে আরও একটি গোল করেন দোমিঙ্গেস। তবে তাতে আল নাসরের ৫-৩ ব্যবধানের জয় আটকায়নি।
ম্যাচে রোনালদোর হ্যাটট্রিকের পাশাপাশি দুর্দান্ত খেলেছেন স্বদেশি ফেলিক্সও। আল নাসরের পাঁচ গোলের চারটিতেই সরাসরি সহায়তা করেছেন তিনি। রোনালদোর প্রথম দুটি গোলের পাশাপাশি অ্যাঞ্জেলো ও মানের গোলেও অ্যাসিস্ট ছিল তার।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রোনালদো। তিনি লিখেছেন, ‘দারুণ জয়, দলের অসাধারণ পারফরম্যান্স। হ্যাটট্রিক করে দলকে সাহায্য করতে পেরে খুশি!’
এই হ্যাটট্রিক নিয়ে ক্যারিয়ারে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৬৭ বার এক ম্যাচে অন্তত তিন গোল করলেন রোনালদো। এর মধ্যে রিয়াল মাদ্রিদের হয়ে ৪৪টি, পর্তুগালের জার্সিতে ১০টি, আল নাসরের হয়ে সাতটি এবং ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের হয়ে তিনটি করে হ্যাটট্রিক রয়েছে তার।
প্রকাশিত হিসাব অনুযায়ী, ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তার গোল এখন ৯৮৫টি। দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির গোলসংখ্যা ৯৩৬টি। অর্থাৎ মেসির চেয়ে ৪৯ গোল এগিয়ে রয়েছেন রোনালদো।

